আদতে বাঁ-হাতি মিডিয়াম পেসার। কিন্তু এর পাশাপাশি দুরন্ত ব্যাটিং আর নজরকাড়া ফিল্ডিং—সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দলের নীরব যোদ্ধা।

বার্নার্ড জুলিয়েন
শেষ আপডেট: 6 October 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অলরাউন্ডার ও ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, বার্নার্ড জুলিয়েন (Bernard Julien)। বয়স হয়েছিল ৭৫ বছর। উত্তর ত্রিনিদাদের ভালসেনে (Valsayn) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপে (Men’s World Cup 1975) ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা এনে দিতে জুলিয়েন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আদতে বাঁ-হাতি মিডিয়াম পেসার। কিন্তু এর পাশাপাশি দুরন্ত ব্যাটিং আর নজরকাড়া ফিল্ডিং—সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দলের নীরব যোদ্ধা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটের দুরন্ত স্পেল (৪/২০) আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪/২৭—এই দু’টি পারফরম্যান্সই ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালের পথে এগিয়ে দেয়। সেখানে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন জুলিয়েন। যার সুবাদে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড স্মরণ করেছেন সতীর্থের অবদান। বলেছেন, ‘ও সব সময় নিজের সেরাটা দিত। ব্যাট হাতে, বল হাতে—যা দায়িত্বই দিতাম, নিখুঁতভাবে পালন করত। কখনও এড়িয়ে যায়নি। আমাদের টিমে নির্ভরযোগ্য নাম। আমি ওকে সত্যিই শ্রদ্ধা করতাম!
জুলিয়েনের কেরিয়ার লম্বা না হলেও সাফল্যে উজ্জ্বল। ২৪ টেস্টে ৮৬৬ রান ও ৫০ উইকেট, ১২ ওয়ানডে-তে ১৮টি উইকেট! যদিও নিছক পরিসংখ্যান নয়। এর বাইরেও তিনি ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম প্রধান স্তম্ভ। সাতের দশকের দাপুটে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (Cricket West Indies) সভাপতি কিশোর শ্যালো (Kishore Shallow) শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বের্নার্ড জুলিয়েনের জীবন আমাদের শেখায়, উদ্দেশ্য নিয়ে বাঁচা মানুষ কখনও হারিয়ে যান না। তাঁর অবদান চিরকাল রয়ে যাবে। আমরা পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’