এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার—এই মুহূর্তে ফল নয়, অগ্রাধিকার তাঁর সম্পূর্ণ সুস্থতা। কারণ বিশ্বকাপ সবে শুরু। লম্বা পথ চলা বাকি।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 12 February 2026 13:15
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপের শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। গত পরশু ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) গুরুতর পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। ইতিমধ্যে ছাড়া পেয়েছেন ঠিকই। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ ম্যাচে তাঁর খেলা কার্যত অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চাইছে না। কারণ একটাই। সামনে বড় লড়াই, পাকিস্তান ম্যাচ। তার আগে হিতে বিপরীত হলে বেকায়দায় পড়তে পারে গোটা দল।
কীভাবে সমস্যার সূচনা?
রিপোর্ট অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নেট সেশনের পরই অসুস্থতা শুরু হয়। জানা যাচ্ছে, সেখানেই কিছু খেয়েছিলেন অভিষেক। তারপর থেকে আচমকা পেটের গোলমাল। পরদিন ম্যাচ থাকলেও অবস্থার অবনতি হয়। তবু লড়াইয়ের জেদে মাঠে নামেন অভিষেক।
যদিও পরিণতি সুখকর হয়নি। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে (USA) মাত্র এক বল খেলেই আউট। এরপর গোটা ম্যাচে অভিষেককে ডাগআউটে দেখা যায়নি। এমনকি ম্যাচ-পরবর্তী করমর্দনেও অনুপস্থিত। তখনই স্পষ্ট বোঝা যায়, সমস্যা গুরুতর।
জানা যাচ্ছে, পেটের সংক্রমণের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন জুড়ে সংকট আরও ঘনিয়ে তোলে। তীব্র জ্বর ও ডিহাইড্রেশনে দ্রুত ওজন ঝরে। শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভর্তি করা হয়।
নামিবিয়া ম্যাচে বিশ্রাম?
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের (Ryan ten Doeschate) বক্তব্য, ‘অভিষেকের পেটের সমস্যা পুরোপুরি সারেনি। আমরা আশাবাদী, দু’দিনের মধ্যে উন্নতি হবে। তবে ফিটনেসের উপর সবকিছু নির্ভর করছে।’ সূত্রের খবর, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই। সেখানে তাঁকে নামাতে মরিয়া গম্ভীর। অভিষেক ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত ট্রেনারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। রিহ্যাব ও শক্তি ফিরে পাওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে। টিম ম্যানেজমেন্ট চাইছে, যে কোনও মূল্যে দীর্ঘমেয়াদি সমস্যা এড়াতে।
ভারতের পরিকল্পনায় বড় ধাক্কা?
টি–২০ বিশ্বকাপে ভারতের কৌশলের বড় অংশই নির্ভর করে ওপেনিং জুটির উপর। অভিষেকের আক্রমণাত্মক উপস্থিতি দলের পাওয়ারপ্লে প্ল্যানে আলাদা মাত্রা যোগ করে। তাঁর ‘ডেস্ট্রাকটিভ’ ব্যাটিং শৈলী শুরুতেই চাপে ফেলে প্রতিপক্ষকে। এমন পরিস্থিতিতে বিকল্প কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে ভারতকে। নামিবিয়ার বিরুদ্ধে হয়তো বদলি ওপেনার দেখা যেতে পারে। তবে বড় প্রশ্ন, পাকিস্তান ম্যাচের আগে কতটা সুস্থ হতে পারবেন অভিষেক শর্মা? যদিও এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার—এই মুহূর্তে ফল নয়, অগ্রাধিকার তাঁর সম্পূর্ণ সুস্থতা। কারণ বিশ্বকাপ সবে শুরু। লম্বা পথ চলা বাকি। তার আগে অভিষেক শর্মা ফিট না হলে দলের আক্রমণভাগ নিঃসন্দেহে অনেকটাই ভোঁতা হয়ে যাবে।