এই ঘটনা ইচ্ছাকৃত, সাময়িক, নাকি কোনও প্রযুক্তিগত ত্রুটি - এ নিয়ে এখনও পর্যন্ত কোহলি, তাঁর টিম বা ইনস্টাগ্রামের তরফে কোনও সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

শেষ আপডেট: 30 January 2026 08:10
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রাম (Instagram) হঠাৎ নিস্তব্ধ। আর তাতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তা বেড়েছে যে, কিছু একটা গণ্ডগোল হয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) এখন মাঠে ব্যাট হাতে না থাকলেও, তাঁর ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়াই ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে (Virat Kohli Instagram account disappeared)।
প্রায় ২৭০ মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা বিরাটের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ৩০ জানুয়ারি আচমকাই প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে ভক্তদের মধ্যে যেমন বিভ্রান্তি, তেমনই অনলাইনে জল্পনা-কল্পনার ঝড়।
শুক্রবার ভোর থেকে ইনস্টাগ্রামে সার্চ করলে বিরাট কোহলির প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। বদলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন পরিচিত একটি বার্তা, “Profile isn’t available।” দীর্ঘদিন ধরেই এই অ্যাকাউন্টে দেখা যেত ক্রিকেট সংক্রান্ত আপডেট, ব্যক্তিগত মুহূর্তের ঝলক এবং ব্র্যান্ড কোলাবরেশনের পোস্ট। সেই প্রোফাইল হঠাৎই অদৃশ্য হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

এই ঘটনা ইচ্ছাকৃত, সাময়িক, নাকি কোনও প্রযুক্তিগত ত্রুটি - এ নিয়ে এখনও পর্যন্ত কোহলি, তাঁর টিম বা ইনস্টাগ্রামের তরফে কোনও সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।
রহস্য আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে, কোহলির ভাই বিকাশ কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইলও শুক্রবার সকাল থেকে সার্চে পাওয়া যাচ্ছে না। তাঁর প্রোফাইলে ঢোকার চেষ্টা করলেও একই বার্তা ভেসে উঠছে, “Profile isn’t available।”
অনুষ্কার অ্যাকাউন্ট কি অ্যাক্টিভ?
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া যেমন উদ্বেগের, তেমনই খানিকটা রসিকতার। বহু ভক্ত ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে অনুষ্কা শর্মার কাছে জানতে চাইছেন, “বৌদি, দাদার অ্যাকাউন্ট কোথায় গেল?” অনুষ্কার কমেন্ট সেকশন ভরে গিয়েছে এই প্রশ্নে।

এর মাঝেই মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া ‘মিসিং পেঙ্গুইন’ ট্রেন্ডের সঙ্গে কোহলির ইনস্টাগ্রাম উধাও হওয়ার ঘটনাকে জুড়ে রসিকতা শুরু করেন নেটিজেনরা। অনেকেই স্ক্রিনশট জুড়ে লিখছেন, ২০২৬ যেন ‘অজানা অন্তর্ধানের বছর’, যেখানে পেঙ্গুইন আর কোহলি, দু’জনেই নাকি ব্যাখ্যা ছাড়াই ইন্টারনেট ছেড়ে হাঁটা দিয়েছেন!

জল্পনাকে আরও উসকে দিয়েছেন রোহিত শর্মা। এর আগের দিন তিনি একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন, যেখানে ‘বড় ঘোষণা’ আসতে চলেছে বলে ইঙ্গিত দেন। কী সেই ঘোষণা, দলের কোনও আপডেট, ব্যক্তিগত মাইলস্টোন, নাকি কোনও ব্র্যান্ড প্রচার - তা স্পষ্ট না করায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
কোহলির এক্স (X) অ্যাকাউন্টের কী অবস্থা?
তবে কোহলি অন্য প্ল্যাটফর্মে অ্যাক্টিভ রয়েছেন। তাঁর এক্স অ্যাকাউন্ট স্বাভাবিকভাবেই চালু আছে। ইনস্টাগ্রামের এই রহস্যময় ঘটনার তাঁর পেশাদার প্রতিশ্রুতিতে কোনও প্রভাব পড়েছে, এমন ইঙ্গিতও নেই।
৩৭ বছরের কোহলি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর লন্ডনে ফিরেছেন। সামনে আইপিএল ২০২৬ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা রক্ষার লড়াইয়ে নামার কথা তাঁর।
মাঠে ফিরেই ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি। গত বছরের অক্টোবরে চার মাসের বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে তিনি নয় ম্যাচে ৬১৬ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি শতরান। কিছুদিনের জন্য তিনি আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গিয়েছিলেন, যদিও এই মাসের শুরুতে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল তাঁকে টপকে যান।
ইনস্টাগ্রাম ঘিরে রহস্যের জট এখনও কাটেনি। তবে ভক্তদের অপেক্ষা, কবে এই নীরবতা ভাঙবে, আর ফিরবে কোহলির সেই বহুল জনপ্রিয় প্রোফাইল।