বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় সংস্কারের ইঙ্গিত। গ্রেড এ প্লাস তুলে দেওয়ার প্রস্তাবে গ্রেড বি-তে নামতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 20 January 2026 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে বড়সড় বদলের ইঙ্গিত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) বার্ষিক সেন্ট্রাল কন্ট্রাক্ট (Central Contract) তালিকায় ২০২৬–২৭ মরসুমে উল্লেখযোগ্য রদবদল হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। আর সেই বদলের কেন্দ্রে রয়েছেন দুই মহাতারকা—বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। টানা এক দশকের বেশি সময় ধরে বোর্ডের সর্বোচ্চ চুক্তি স্তরে থাকা এই দুই সিনিয়র ব্যাটারের কন্ট্রাক্ট ডাউনগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নেওয়ার পর বর্তমানে কোহলি ও রোহিত কেবলমাত্র এক ফরম্যাটেই সক্রিয়। সেই কারণেই তাঁদের গ্রেড এ প্লাস (Grade A+) থেকে নামিয়ে গ্রেড বি (Grade B)-তে আনার কথা ভাবছে বোর্ড। খবরটি প্রকাশ্যে আসতেই ক্রিকেটমহলে আলোচনার ঝড়।
এক বেসরকারি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই নতুন এক চুক্তি কাঠামোর খসড়া তৈরি করেছে। সেই প্রস্তাবে সবচেয়ে বড় চমক—গ্রেড এ প্লাস (Grade A+) বিভাগটাই তুলে দেওয়ার ভাবনা রয়েছে। বর্তমানে এই সর্বোচ্চ গ্রেডে রয়েছেন চারজন—রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই গ্রেডে প্রত্যেক ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা করে পান।
যদি এ প্লাস বিভাগ বাতিল হয়, সেক্ষেত্রে জাদেজা ও বুমরাহকে গ্রেড এ (Grade A)-তে নামিয়ে আনা হতে পারে। অন্যদিকে, শুধুমাত্র এক ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কারণে কোহলি ও রোহিতের ক্ষেত্রে আরও এক ধাপ নীচে নামার সম্ভাবনা রয়েছে। এই প্রস্তাব না কি ইতিমধ্যেই প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বোর্ডের কাছে পেশ করেছেন। খুব শিগগিরই এপেক্স কাউন্সিলের (Apex Council) বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সেখানেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
এখানেই শেষ নয়। এ প্লাস গ্রেড উঠে গেলে, নতুন কোনও বিভাগ চালু করা হবে কি না, সেটাও বড় প্রশ্ন। ২০২৩–২৪ মরসুমে বোর্ড চালু করেছিল বিশেষ পেস বোলিং কন্ট্র্যাক্ট (Pace Bowling Contract)। সেই চুক্তির আওতায় উমরান মালিক (Umran Malik), মায়াঙ্ক যাদব (Mayank Yadav), আকাশ দীপের (Akash Deep) মতো বোলাররা বছরের বেশিরভাগ সময় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তত্ত্বাবধানে ছিলেন। নতুন মরসুমে সেই ধরনের কোনও আলাদা গ্রেড ডি (Grade D) বা বিশেষ বিভাগ ফের চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।
বর্তমানে ২০২৪–২৫ মরসুমের বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট অনুযায়ী, গ্রেড এ-তে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কেএল রাহুল (KL Rahul), শুভমন গিল (Shubman Gill), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), মহম্মদ শামি (Mohammed Shami) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। গ্রেড বি ও সি-তেও রয়েছে একঝাঁক পরিচিত নাম, যাঁরা নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছেন।
সব মিলিয়ে স্পষ্ট, ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটতে চলেছে বোর্ড। সেই পরিবর্তনের আঁচ এসে পড়ছে কোহলি-রোহিতের মতো আইকনিক তারকাদের উপরেও। এখন দেখার, এপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক কোন পথে হাঁটে বিসিসিআই (BCCI), আর ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে ঠিক কতটা বদল আসে।