এখন ৩৬ বছরে পা দেওয়া অলরাউন্ডার ৮৫টি টেস্ট খেলে ফেলেছেন। ব্যাট, বল, এমনকি ফিল্ডিং—সব দিকেই তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ। তাই নির্বাচকদের দৃষ্টিতে তাঁর অভিজ্ঞতা, ধৈর্য আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই বাছাইয়ের ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করছে ক্রিকেট মহল৷

রবীন্দ্র জাদেজা
শেষ আপডেট: 3 October 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলে (Team India) অভিজ্ঞতা, ধারাবাহিকতার কারণে তিনি বিশ্বস্ত সদস্য। তবু এবারের নয়া ভূমিকাটি তাঁকে চমকে দিয়েছে। সদ্যঘোষিত ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুই টেস্টের স্কোয়াডে নিজের নামের পাশে লেখা ‘ভিসি’। অর্থাৎ, সহ-অধিনায়ক।
অথচ নির্বাচকমণ্ডলী বা বোর্ডের (BCCI) পক্ষ থেকে আগে থেকে জানানো হয়নি কিছুই। এই আকস্মিক দায়িত্বপ্রাপ্তি নিয়ে এবার খোলামেলা মত জানালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর কথায়, ‘কোনওরকম বার্তা পাইনি। শুধু দেখলাম আমার নামের পাশে ‘ভিসি’ লেখা রয়েছে। অবশ্যই দিনশেষে অভিজ্ঞতা যদি ভাগ করে নিতে হয়, সেটা আমি সবসময় তার জন্য প্রস্তুত!’
শুভমান গিল (Shubman Gill) যথারীতি নেতৃত্বে। তাঁর ডেপুটি হিসেবে জাদেজাকে বেছে নেওয়া নিছক সৌজন্য নয়, বরং টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতীক। অধিনায়ক, কোচ ও নির্বাচকমণ্ডলী তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব তুলে দিয়েছেন, সেটা তিনি সম্মান হিসেবে দেখছেন। জাদেজা বলেন, ‘আমাকে সম্মান জানানো হয়েছে। দলের যখনই কিছু প্রয়োজন হবে, পরিকল্পনা বা অন্য কিছু, আমি সবসময় তৈরি!’
এখন ৩৬ বছরে পা দেওয়া অলরাউন্ডার ৮৫টি টেস্ট খেলে ফেলেছেন। ব্যাট, বল, এমনকি ফিল্ডিং—সব দিকেই তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ। তাই নির্বাচকদের দৃষ্টিতে তাঁর অভিজ্ঞতা, ধৈর্য আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই বাছাইয়ের ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করছে ক্রিকেট মহল৷
এমন নয় যে আগে কখনও তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। আইপিএলে (IPL) একদা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব করেছেন জাদেজ। তবে জাতীয় দলে এই প্রথম বিশেষ আনুষ্ঠানিক স্বীকৃতি জুটল। আসল টিম ম্যানেজমেন্টও চাইছে তরুণ দলনেতার পাশে থাকুক এক শান্ত, স্থিতধী সিনিয়র, যিনি মুহূর্তের চাপ সামাল দিতে পারবেন। জাদেজার উপস্থিতি সে কারণেই গুরুত্বপূর্ণ।
আপাতত নিজের ব্যাটে–বলে আরও কিছু ম্যাচ–নির্ধারক মুহূর্ত গড়ার ইচ্ছে রয়েছে। লক্ষ্য গোপনে নারাজ জাদেজা বলেন, ‘ইংল্যান্ডে ভালো খেলার পর আত্মবিশ্বাস পেয়েছি। আশা করি এই সিরিজেও সেটা কাজে লাগাতে পারব—রান করব, উইকেট নেব।’