ভাল পারফরম্যান্স সত্ত্বেও চলতি সফরে জাডেজার খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত, লর্ডসের তৃতীয় টেস্টে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 29 July 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) পঞ্চম দিন টিম ইন্ডিয়া (Team India) যখন খাদের কিনারে দাঁড়িয়ে, ম্যাচ বাঁচানোর আশা-ভরসা ছিলেন যাঁরা, সেই শুভমান গিল-কেএল রাহুল দুই ব্যাটারই আউট হয়ে সাজঘরের ফিরে গিয়েছেন, সেই সময় প্রাচীরের মতো ইংরেজ বোলারদের আক্রমণ নির্বিষ করে বাইশ গজে টিকে থাকেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সঙ্গী ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
নিখুঁত ফুটওয়ার্ক আর আত্মবিশ্বাসী ডিফেন্সে ঘণ্টার পর ঘণ্টা উইকেটে কাটিয়ে দেন তাঁরা। বেন স্টোকসের সমস্ত রণকৌশল যায় ভেস্তে। জোফ্রা আর্চারও বাউন্সার ছুড়ে সুবিধে করতে পারেননি। যার জেরে ভারত ম্যাচ না জিতলেও হার বাঁচিয়েছে। আর এই ফলাফলের সুবাদে সিরিজে পিছিয়ে থেকেও কামব্যাক করে অন্তত অপরাজিত থেকে দেশে ফেরার সুযোগ থাকছে ওভাল টেস্টে।
এই ফলাফলে লোকেশ রাহুল, শুভমান গিল কিংবা ওয়াশিংটন সুন্দরের অবদান থাকলেও বিশেষভাবে চর্চায় রবীন্দ্র জাদেজা। শচিন-ধোনির সঙ্গে খেলেছেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। আর এখন শুভমান, অংশুল কম্বোজদের সতীর্থ। এত দীর্ঘ জার্নি, লম্বা কেরিয়ারের পরেও একই রকম দল-অন্ত-প্রাণ, একই রকম অকুতোভয়, বিশ্বস্ত। আধুনিক ক্রিকেটের সবচেয়ে আন্ডাররেটেড অর্থ কার্যকরী অলরাউন্ডার কি রবীন্দ্র জাদেজাই—প্রশ্নটা ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।
যদিও এই আলোচনায় ভিন্ন সুর শোনা গেল প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধুর (Navjot Singh Sidhu) গলায়। তাঁর দাবি, ওল্ড ট্রাফোর্ডে সেঞ্চুরি করে দলকে হার থেকে বাঁচালেও, রবীন্দ্র জাদেজা ‘ম্যাচ উইনার’ নন! সিধুর মতে, জাড্ডু যতই রান করুন না কেন, কপিল দেবের (Kapil Dev) ‘লিগে’ তিনি এখনও পৌঁছতে পারেননি। বিদেশের মাটিতে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই তাঁর।
ম্যাঞ্চেস্টার টেস্টের অন্তিম দিনে বাইশ গজের অসমান বাউন্স সামলে ২০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তোলেন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। যে কারণে হার এড়িয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ ড্র করে দেশে ফেরার আশা এখনও বেঁচে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের আগে লড়াই পঞ্চাশ-পঞ্চাশ!
আপাতত দারুণ ফর্মে আছেন জাদেজা। এখনও পর্যন্ত ৪৫৪ রান করেছেন, গড় ১১৩.৫০। এর মধ্যে একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। শুভমান গিল (৭২২), কেএল রাহুল (৫১১) এবং ঋষভ পন্থের (৪৭৯) ঠিক পরেই।
যদিও এতে তুষ্ট নন সিধু। আগেও জাদেজার প্রশংসা করেছেন তিনি। কিন্তু এবার তুলনা টানলেন কপিল দেবের সঙ্গে। তাঁর মতে, ‘আমি জাদেজার অনুরাগী। কিন্তু কপিল দেব ছিলেন বোলিং অলরাউন্ডার, যিনি বিদেশে ভারতের হয়ে অনেক টেস্ট জিতিয়েছেন। অন্যদিকে জাদেজা বিদেশে বরাবরই সাপোর্টিং রোলে খেলেছেন। দ্রুত ওভার সেরে ফেলেন, নিয়ন্ত্রিত বোলিং করেন। কিন্তু ম্যাচ জেতাতে ব্যর্থ— এটা প্রথম টেস্ট থেকেই স্পষ্ট!’
যদিও ভাল পারফরম্যান্স সত্ত্বেও চলতি সফরে জাডেজার খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত, লর্ডসের তৃতীয় টেস্টে। ১৯৩ রান তাড়া করতে গিয়ে ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আগের দিন ইংল্যান্ডকে ১৯২ রানে অল আউট করার পরও জয় অধরা রয়ে যায়! ৫৮/৪ থেকে ধস শুরু। অন্তিম দিন স্টোকস ও আর্চার নটেগাছটুকু মুডিয়ে দেন। মুহূর্তে ১১২/৮ হয়ে যায় ভারত। শেষ চেষ্টা করেছিলেন জাদেজা। বুমরা ও সিরাজকে সঙ্গে নিয়ে। কিন্তু লোয়ার অর্ডার স্পিনার শোয়েব বশিরের ঘূর্ণিতে কুপোকাত হয়। জাদেজা কি ওই টেস্টে আরও ভালভাবে স্ট্রাইক রোটেট করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারতেন না? প্রশ্ন তোলেন অনেকে।