পঞ্চম দিনে শুধু যে দুটো উইকেটই ফেলতে পারলেন স্টোকসরা—এই তথ্যকে ছাপিয়ে গিয়েছে ইংরেজ বাহিনীর রণে ভঙ্গ দেওয়ার কায়দা।

ডেল স্টেইন
শেষ আপডেট: 29 July 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্ট ড্র করার পর ম্যাচের ফলাফলের চাইতেও চর্চায় ইংরেজ শিবিরের আচরণ। বিশেষ করে অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) বেশ কিছু সিদ্ধান্ত ও বক্তব্য। প্রথমত, ড্রয়ের প্রস্তাব হাতে নিজেই এগিয়ে গিয়েছেন। তারপর সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়ানো রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তা নাকচ করামাত্র বিতণ্ডায় জড়িয়েছেন ইংরেজ দলনেতা।
স্টোকসের এহেন আচরণের আড়ালে কি নেহাতই হতাশা? নাকি দুই লোয়ার মিডল অর্ডারের ব্যাটারকে সেঞ্চুরি হাঁকাতে দেখার ক্ষুদ্র ঈর্ষা? প্রশ্ন উঠেছে।
পঞ্চম দিনে শুধু যে দুটো উইকেটই ফেলতে পারলেন স্টোকসরা—এই তথ্যকে ছাপিয়ে গিয়েছে ইংরেজ বাহিনীর রণে ভঙ্গ দেওয়ার কায়দা। বারো ওভার বাকি তখনও। ক্রিজে দাঁড়ানো দুই ব্যাটসম্যানই ইংল্যান্ডে প্রথম শতরানের নজির গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক সেই সময় মুখে ড্রয়ের আবদার নিয়ে সমঝোতার হ্যান্ডশেক (Handshake Controversy) বাড়িয়ে দেন বেন স্টোকস! জাদেজা তা নাকচ করেন। তখনই বিতণ্ডায় জড়ায় দুই শিবির। জাদেজার পাশে দাঁড়ান ওয়াশিংটন সুন্দর। আর ইংরেজ দলনেতার হয়ে এগিয়ে আসেন জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক।
ম্যাচের শেষের পর ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। তবু বিতর্ক থামার নাম নেই। সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তন খেলোয়াড় জাদেজার পাশে দাঁড়ালেও কেউ কেউ ইংরেজদের হয়ে ময়দানে নামছেন। যেমন, ডেল স্টেইন (Dale Steyn)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার লম্বা পোস্ট লিখেছেন। যেখানে তাঁর দাবি, বেন স্টোকস যা করেছেন বেশ করেছেন। এই ম্যাচের একটাই ফলাফল বেরতে পারত। সেটা ড্র। জাদেজারা সেটা ভালমতো জেনেও স্রেফ ফোকটে সেঞ্চুরি হাঁকাতে চেয়েছিলেন। এই কারণে ইংল্যান্ডের আগাম ড্রয়ের আর্জি খুব ভুল কিছু নয়!
পোস্টের গোড়াতেই পেঁয়াজের উপমা টেনেছেন স্টেইন। লিখেছেন, ‘পেঁয়াজের অনেক খোসা থাকে আর তা পরপর খুললে কারও না কারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে!’ তারপর হেঁয়ালি ভেঙে মন্তব্য, ‘আমার একটাই কথা বলার: ভারতের ব্যাটসম্যানরা সেঞ্চুরির জন্য নয়, খেলছিলেন ড্রয়ের কথা মাথায় রেখে। একটাই লক্ষ্য ছিল: যে কোনও মূল্যে ম্যাচ ড্র করা!’ তাই একবার তা নিশ্চিত হওয়ামাত্র ফলাফল অর্থহীন হয়ে পড়ে। সেই সময় করমর্দন সেরে ড্রেসিংরুমে ফিরে যাওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ! এমনটাই মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন সিমার।

এরপর জাদেজা ও ওয়াশিংটনকে বিঁধে স্টেইন জুড়ে দেন, ‘একবার বিপদ কেটে বেরনোর পর ফোকটে কিছু মাইলস্টোন হাসিল করাটা ক্রিকেটের আইনের পরিপন্থী না হলেও বেশ বেমানান তো বটেই!’
যদিও পোস্টের শেষে ভারতীয় শিবির যেভাবে দৃঢ়তা দেখিয়ে ব্যাট করেছেন, ছিনিয়ে এনেছে ড্র, তার প্রশংসা করেছেন ডেইল স্টেইন।