এতদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন শচিন তেন্ডুলকর। সিরিজ-পর্যালোচনার পর সরাসরি জানালেন, দুই ভারতীয় ব্যাটসম্যানের সিদ্ধান্ত একদম সঠিক ছিল।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 6 August 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফরে মাঠের উত্তাপ, মাঠের বাইরের বিতর্ক বাইশ গজের লড়াইকে ছাপিয়ে গিয়েছে। শুভমান গিল কখনও তেড়ে গিয়েছেন জ্যাক ক্রলির দিকে। অভিযোগ তুলেছেন ইচ্ছে করে সময় নষ্টের। কখনও ঝামেলায় জড়িয়েছেন আকাশ দীপ-বেন ডাকেট। পিচ পর্যবেক্ষণ নিয়েও গ্রাউন্ডসম্যানের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের তর্কাতর্কিও সফরের অন্যতম চর্চিত আলোচনা।
যদিও যে ঝামেলা আর সবকিছু ছাপিয়ে গিয়েছে, তার কেন্দ্রে টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা ও ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। চতুর্থ টেস্টে এক সময় জেতার জায়গায় চলে এসেছিল ইংল্যান্ড। সেখান থেকে দুর্দান্ত পার্টানারশিপ তৈরি করে ড্র ছিনিয়ে নেন জাদেজা-ওয়াশিংটন সুন্দর। পঞ্চম দিনের শেষ প্রহরে দুজনেই যখন আশির ঘরে, হতোদ্যম ইংল্যান্ড বুঝে গিয়েছে ড্র-ই একমাত্র ফলাফল, ভারত ম্যাচ বাঁচিয়ে ফেলেছে, তিনশোর বেশি রানের পিছিয়ে থেকেও খেই ধরেছে জুটি, ঠিক তখনই বেন স্টোকস এগিয়ে আসেন হ্যান্ডশেক করতে। তুলে ধরেন প্রস্তাব: ম্যাচের পালা চুকিয়ে আনুষ্ঠানিকভাবে ড্র ঘোষণা করা যাক। কিন্তু জাদেজা-সুন্দর কেউই তাতে সায় দেননি। ব্যাটিং চালিয়ে যান। আম্পায়াররাও খানিক অস্বস্তিতে। সব মিলিয়ে মাঠে এক অদ্ভুত নাটকীয়তা দানা বাঁধে।
অবশেষে স্টোকস অনিয়মিত বোলারদের দিয়ে বল করানোর সিদ্ধান্ত নেন। তাঁদেরই একজন হ্যারি ব্রুক। তিনি বল হাতে লোপ্পা ডেলিভারি দিতে থাকেন। যা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা। তারপর ওয়াশিংটন সুন্দর।
ম্যাচ শেষে দু’পক্ষের সিদ্ধান্ত ও আচরণ নিয়ে তৈরি হয় বিতর্ক। যোগ দেন আমদর্শক থেকে পোড়খাওয়া বিশেষজ্ঞ। কেউ জানান: ‘স্পিরিট অব ক্রিকেট’ নষ্ট করেছে ইংল্যান্ড। আঙুল ওঠে স্টোকসের দিকে—ভারতীয় ব্যাটাররা যেভাবে লড়ে ম্যাচ বাঁচালেন, তাকে সম্মান না দিয়ে কেন জোর করে ড্র চাইছিলেন?
আবার ডেল স্টেইনের মতো কেউ কেউ জাদেজাদের সিদ্ধান্তকে তুলোধনা করে স্রেফ সেঞ্চুরির জন্য ব্যাটিং করে যাওয়ার সিদ্ধান্তকে ব্যক্তিগত মাইলস্টোন অর্জনের ক্ষুদ্র স্বার্থ বলে দেগে দেন!
এই ইস্যুতে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন শচিন তেন্ডুলকর। সিরিজ-পর্যালোচনার পর সরাসরি জানালেন, দুই ভারতীয় ব্যাটসম্যানের সিদ্ধান্ত একদম সঠিক ছিল। শচিনের ভাষায়, ‘ওয়াশিংটন সেঞ্চুরি করল। জাদেজাও। এটা কি স্পিরিটের বিরুদ্ধে? ওরা ড্রয়ের জন্য খেলছিল। তার আগে ইংল্যান্ডের তীব্র আক্রমণ সামলে, দারুণভাবে ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছে। সিরিজ তখনও জীবন্ত ছিল। ওরা কেন এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে ইংল্যান্ডের বোলারদের বিশ্রাম দেবে?’
এরপর নিজের বক্তব্যকে আরও স্পষ্ট করে জুড়ে দেন, ‘ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক বল করেছে। সেটা স্টোকসের ব্যাপার। ভারতের মাথাব্যথা নয়। জাদেজা-ওয়াশিংটন শুধু সেঞ্চুরির জন্য খেলেনি। যদি আউট হয়ে যেত, আমরা হারতাম। যখন ওরা ব্যাট করতে নেমেছিল, তখন তো হ্যারি ব্রুক বল করছিল না! তাহলে ইংল্যান্ডের বোলাররা কেন পঞ্চম টেস্টের জন্য ফ্রেশ থাকবে? এর উত্তর আছে? নেই!’
এই প্রসঙ্গে শুভমান গিলদের সিদ্ধান্তের পুরো সমর্থন জানিয়ে শচিন বলেন, ‘আমি পুরোপুরিভাবে ভারতীয় দলের সঙ্গে সহমত। গম্ভীর হোক বা শুভমান, জাদেজা হোক বা ওয়াশিংটন—যেই সিদ্ধান্ত নিক, ১০০ শতাংশ পাশে আছি। শেষ টেস্টে যখন রান তোলার সময় এসেছিল, ওয়াশিংটন দারুণভাবে ব্যাট করেছে। আর চতুর্থ টেস্টে যেখানে ক্রিজে পড়ে থাকার দরকার, ও সেটা করেছে। যখন গতি বাড়ানোর সময় এল, তখনও দায়িত্ব সামলেছে। বাহবা প্রাপ্য!’