সকলেরই অনুমান টেমস নদীর জলে ভেসে গিয়েছে। একমাত্র মেলাতে পেরেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ডিকেই একমাত্র বলেছিলেন, ফলাফল হবে ২-২।

দীনেশ কার্তিক
শেষ আপডেট: 5 August 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ (England vs India Test Series)। ওভালে শেষ টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন করে ছয় রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। শেষ দিন ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। হাতে ছিল চার উইকেট। কিন্তু মহম্মদ সিরাজ তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয় এনে দেন।
ভারতের ইংল্যান্ড সফরের আগে শুভমান গিল ব্রিগেডকে নিয়ে বেশিরভাগ বিশেষজ্ঞই আশাবাদী ছিলেন না। একেই নেই দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। নেই-এর খাতায় রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি। এমনকি দলে আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা কেন নেই সেই প্রশ্নও অনেকেই তুলেছিলেন। সব থেকে বেশি প্রশ্ন উঠেছিল শুভমান গিলকে অধিনায়ক করা নিয়ে।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা তো বলতে শুরু করে দিয়েছিলেন, এই ভারত গোহারা হারবে। ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক বলেই দিয়েছিলেন, ৩-১ ব্যবধানে জিতবে ইংল্যান্ড। গিলের অনিভজ্ঞ তরুণ দল নিয়ে এমনকি ভরসা দেখাতে পারেননি আকাশ চোপড়ার মতো প্রাক্তন ভারতীয় তারকারাও।
প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছিলেন, ২-৩ ব্যবধানে হারবে ভারত। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ানের ভোট ছিল ইংল্যান্ডের পক্ষে (৪-১)। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক জশ বাটলারও বলেছিলেন ৪-১ ব্যবধানে জিতবে বেন স্টোকস ব্রিগেড। প্রাক্তন ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড বলেছিলেন ইংল্যান্ডের পক্ষে স্কোর হবে ৪-০। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ফিল টাফনেলের রায় ছিল ৩-১ ব্যবধানে জিতবে ইংল্যান্ড। ডেল স্টেন ও আকাশ চোপড়া ভবিষদ্বাণী করেছিলেন ইংল্যান্ডই সিরিজ জিতবে, আর ব্যবধান হবে ৩-২।
কিন্তু সকলেরই অনুমান (Prediction) টেমস নদীর জলে ভেসে গিয়েছে। একমাত্র মেলাতে পেরেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ডিকেই একমাত্র বলেছিলেন, ফলাফল হবে ২-২।
এদিকে মাইকেল ভনকে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে একহাত নিয়েছেন হরভজন সিং। ভাজ্জি বলেন, “ভন বলেছিলেন ফলাফল ইংল্যান্ডের পক্ষে ৩-০ হবে। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছে তারা প্রকৃত যোদ্ধা। ইংল্যান্ডের উচিত নিজেদের দিকে ঘুরে তাকানো।”