হোভে শুক্রবার যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে সূর্যবংশী। ইংল্যান্ডের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৬ উইকেট হারিয়ে মাত্র ২৪ ওভারে।

বিরাট কোহলি ও বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 28 June 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতের পর এবার ইংল্যান্ডের বাইশ গজে। বোলার নিধন যজ্ঞ অব্যহত ১৪ বছরের কিশোরের। তার মাঠে নামা মানেই ফিল্ডারদের নীরব দর্শক হয়ে শুধু তাকিয়ে থাকা। কারণ তাঁদের যে কিছুই করার থাকে না। সব বলেরই যে স্থান হয় বাউন্ডারির বাইরে।
বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মানেই চার-ছক্কার ফুলঝুরি। বিপক্ষে তাবড় বোলার থাকুক বা অনামী বোলার, বিহারের ১৪ বছরের কিশোরের ব্যাট ঝড় তুলবেই। ওডিআই হোক বা চারদিনের ম্যাচ, বৈভবের ব্যাট চলে টি-টোয়েন্টি মেজাজেই। এবার সেটা দেখা গেল ইংল্যান্ডেও।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছে বৈভব, তাও আবার মাত্র ১৪ বছর বয়সে। আইপিএল কেরিয়ার বিহারের এই কিশোর শুরু করেছে ছক্কা হাঁকিয়ে। মাত্র ৭ ম্যাচ খেলেই ক্রিকেট–দুনিয়ায় আলোড়ন তুলে ২০০–এর বেশি স্ট্রাইক রেট নিয়ে আইপিএ-২০২৫-এ রান করেছে ২৫২।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U-19) এখন রয়েছে ইংল্যান্ড সফরে (England Tour)। সেখানে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলছে তারা। সেই দলের সদস্য বৈভব। হোভে শুক্রবার যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে সূর্যবংশী। ইংল্যান্ডের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৬ উইকেট হারিয়ে মাত্র ২৪ ওভারে।
ইংল্যান্ডের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে গতকালই প্রথম খেলল সূর্যবংশী। ৩ চার ও ৫ ছক্কা ছিল তার ইনিংসে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা ভারত যুব দলের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে ৪৫ বলে ৭১ রানের ওপেনিং জুটি গড়ে বৈভব।
আয়ুশ ২১ রান করেছেন। ১৭৫ রানের লক্ষ্যে ওপেনিং জুটি এমন হলে খেলার আর কি বাকি থাকে! এই ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়ে খেলেন সে দেশের জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের ইনিংসে রকির ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৫৬ রান।
সূর্যবংশীর আরও একটি বিষয় এদিন সবার চোখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে জোরদার আলোচনাও । শুক্রবার সূর্যবংশী ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিল। ভারতীয় ক্রিকেটে ১৮ নম্বর জার্সির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এটি বিরাট কোহলির জার্সি নম্বর। নেটিজেনরা বলছেন, ১৮ নম্বর জার্সি পেয়ে গিয়েছে তার যোগ্য উত্তরসূরি।
যদিও আইপিএলে বিরাট কোহলির মতো ১৮ নম্বর জার্সি পরতে দেখা যায়নি সূর্যবংশীকে। তখন বাঁহাতি এই ওপেনারের জার্সি নম্বর ছিল ১২।