এককথায় বলতে গেলে—আজকের ফাইনাল কার্যত একতরফা। পাকিস্তান জিতেছে যোগ্য দল হিসেবেই।

পাকিস্তান
শেষ আপডেট: 21 December 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: একতরফা ফাইনাল। কোনও জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারল না ভারত। ছোটদের এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে (U-19 Asia Cup Final) পাকিস্তানের কাছে ১৯১ রানে পর্যুদস্ত টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে পূর্ণ নিয়ন্ত্রণ রেখে ইতিহাসে প্রথমবার এককভাবে শিরোপা জিতল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যারা প্রথমে ব্যাট করতে নেমে তোলে ৩৪৭/৮। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ব্যবধানই বলে দিচ্ছে ম্যাচের চরিত্র!
সমীর মিনহাসের তাণ্ডব, পাহাড়প্রমাণ স্কোর পাকিস্তানের
পাকিস্তানের ইনিংসের ভিত গড়ে দেন সমীর মিনহাস (Sameer Minhas)। ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৭টি চার ও ৯টি ছক্কায় সাজানো। যা ম্যাচের মোড় পর্যন্ত ঘুরিয়ে দেয়। তাঁর এই শতরান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
শুরুর দিকে উইকেট পড়লেও উসমান খানের (Usman Khan) সঙ্গে ৯২ রানের জুটি গড়ে তোলেন মিনহাস। পরে আহমেদ হুসেনের (Ahmed Hussain) সঙ্গে যোগ হয় আরও ১৩৭ রান। ভারতীয় বোলাররা মিডল ওভারে নিয়ন্ত্রণ ফেরাতে ব্যর্থ।
তাড়া করতে নেমেই ধস
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার (U-19 Asia Cup Final) শুরুটা আশ্চর্য রকম আগ্রাসী ছিল। প্রথম দুই ওভারে আসে ৩২ রান। কিন্তু তৃতীয় ওভারেই অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) আউটল। আর ঠিক তারপরই সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌজন্যে রানরেটের চাপ সামলাতে গিয়ে একের পর এক ভুল শট। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। কোনও জুটিই দাঁড়ায়নি। পাকিস্তানের বোলাররা টাইট লাইন-লেংথে বল করে চাপ বাড়ান। ভারতের ইনিংস শেষ পর্যন্ত থামে ২৬.২ ওভারে। শেষ ব্যাটার হিসেবে দীপেশ দেবেন্দ্রনের (Deepesh Devendran) আউটেই নিশ্চিত পাকিস্তানের (U-19 Asia Cup Final) বিশাল জয়।
বল হাতে নিয়ন্ত্রণ, পরিকল্পনা সফল
পাকিস্তানের বোলিং আক্রমণ শুরু থেকেই পরিষ্কার পরিকল্পনায় এগিয়েছে। বড় স্কোরের চাপ কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের তাড়া করেছেন বোলাররা। লুজ বল খুব কম। ফিল্ডিংয়েও চোখে পড়ে তৎপরতা।
ম্যাচের পর পাকিস্তানের বোলিং কোচ জানান, গত ছয় মাস ধরে এই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চলছিল। ব্যাটিংয়ে বড় স্কোর তোলা এবং পরে বোলিংয়ে সেটাকে কাজে লাগানো—দুই বিভাগেই পরিকল্পনা নিখুঁতভাবে কার্যকর হয়েছে।
ইতিহাসে পাকিস্তান
এই জয়ের মাধ্যমে পাকিস্তান প্রথমবার এককভাবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল। এর আগে ২০১৩ সালে ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা ভাগ করেছিল তারা। এবার কোনও ভাগাভাগি নয়—স্পষ্ট আধিপত্য।
অন্যদিকে ভারতের জন্য এই ফাইনাল বড় সতর্কবার্তা। বড় ম্যাচে ব্যাটিং ভেঙে পড়ার সমস্যা আবারও সামনে এল। পাকিস্তান যেখানে ফাইনালে নিখুঁত, টিম ইন্ডিয়া সেখানে সম্পূর্ণ ব্যর্থ। এককথায় বলতে গেলে—আজকের ফাইনাল কার্যত একতরফা। পাকিস্তান জিতেছে যোগ্য দল হিসেবেই।