কাল মাঠে এসেছিলেন, কমেন্ট্রি বক্সে বসেছিলেন ফর্মাল পোশাকে। কিন্তু ট্রফি উত্তোলনের মঞ্চে বেঙ্গালুরুর আইকনিক জার্সিতে উচ্ছ্বাসে মাতলেন ডিভিলিয়ার্স। পাশে কোহলি। অন্যদিকে ক্রিস গেইল।

বিরাট কোহলি ও ডিভিলিয়ার্স
শেষ আপডেট: 4 June 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: বিপদের দিনে, লড়াইয়ের সময় পাশে ছিলেন যাঁরা, তাঁরা হাজির হলেন উৎসবের মঞ্চে।
সাইডলাইনের ওপারে এবি ডিভিলিয়ার্স। আর এপারে বিরাট কোহলি। কয়েক হাতের ব্যবধান। অথচ সময়ের নিরিখে কয়েক বছরের। ২০২১-এ আইপিএল সহ ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। বিরাটের সঙ্গে খেলেছেন আরসিবির হয়ে। অনেক বার চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি, কখনও দোরগোড়ায় পৌঁছেও ট্রফি অধরা রয়ে গিয়েছে।
কাল মাঠে এসেছিলেন, কমেন্ট্রি বক্সে বসেছিলেন ফর্মাল পোশাকে। কিন্তু ট্রফি উত্তোলনের মঞ্চে বেঙ্গালুরুর আইকনিক জার্সিতে উচ্ছ্বাসে মাতলেন ডিভিলিয়ার্স। পাশে কোহলি। অন্যদিকে ক্রিস গেইল। আরসিবির ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর! দল হিসেবে রিয়াল মাদ্রিদের ‘গ্যালাকটিকোসে’র সঙ্গে তুলনা হত যাদের, সেই ভিন্টেজ আরসিবি একবারও আইপিএল জেতেনি! বিস্ফোরক ব্যাটিংয়ে স্কোরবোর্ড উপচানো রান উঠেছে। হাত খুলে রান করেছেন তিন ক্রিকেটার। তবুও ভাগ্য সদয় হয়নি। বছর এসেছে। বছর ঘুরেছে। প্রতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খালি হাতেই ফিরতে হয়েছে।
কিন্তু বন্ধুত্ব তো নিছক সাফল্য মেপে চলে না। বরং, কাঁধে কাঁধ মিলে লড়াইয়ের পর ব্যর্থতায় তার আঁট আরও জোরালো হয়। তাই পুরনো সতীর্থদের কাছে পেয়ে বিরাট বলে ওঠেন, ‘কেরিয়ারের সেরা সময় ওঁদের সঙ্গে কাটিয়েছি। জানি, কী প্রবলভাবে ট্রফি জেতার চেষ্টা চালিয়েছি। আমরা খুব ভাল দল ছিলাম। বিস্ফোরণের সমস্ত বারুদ মজুত ছিল! কিন্তু তাতেও শিকে ছেঁড়েনি। তিনজনই ফ্র্যাঞ্চাইজিকে শ্রেষ্ঠ সময় দিয়েছি।‘
তারপরই গেইল এবং ডিভিলিয়ার্সের দিকে ইঙ্গিত করে বিরাট জুড়ে দেন, ‘আনন্দ ১০ গুণ বেড়ে গিয়েছে, তার কারণ এই দুজন আমার পাশে দাঁড়িয়ে। এই সাফল্য যতটা আমার ততটা ওঁদেরও। এই তিন সদস্য দলকে নিজের সর্বস্ব দিয়েছেন। যখন বেঙ্গালুরু এলেন, কী উন্মাদনাই না ছড়িয়েছিল। এটা একইভাবে ওঁদেরও ট্রফি।‘