‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না। মাঠে থেকে ২০ ওভারের ‘ইমপ্যাক্ট’ অনুভব করতে চাই। আমি এমন জাতের ক্রিকেটার। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমায় এমন দৃষ্টিভঙ্গি ও প্রতিভা দিয়েছেন।‘

বিরাট কোহলি
শেষ আপডেট: 4 June 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: ফর্ম ছেড়ে গিয়েছে। কেরিয়ারের উপান্তে এসে পৌঁচেছেন। তারপরেও স্রেফ প্রাসঙ্গিক থাকার জন্য কিংবা উপার্জনের কথা ভেবে খেলে যান কেউ কেউ। অনেক কিংবদন্তি ক্রিকেটার এই পথের পথিক।
টি-২০-তে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) আইনসিদ্ধ হয়েছে। যার অর্থ: কুড়ি ওভারের ম্যাচের পুরোটা মাঠে থাকার দরকার নেই। যখন যেমন প্রয়োজন, বোলার হলে স্রেফ বোলিংয়ের সময়, ব্যাটসম্যান হলে ব্যাটিং করতে ময়দানে নামলেই চলবে। বাকি সময় ডাগ আউটে বসে থাকো, দূর থেকে লড়াই দেখো।
যদিও এই চালু ছকে হাঁটতে নারাজ বিরাট কোহলি (Virat Kohli)। প্রথমবারের জন্য আইপিএল (IPL) জিতলেন। তিনি, তাঁর দল—আঠারো বছরের আগল ভাঙল। সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে আর টি-২০ খেলেন না। শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটেই নামতে দেখা যায় বিরাটকে। আর আইপিএল। কিন্তু কতদিন? টেস্টের মতো আচমকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেও বিদায় জানাবেন না তো?
প্রশ্নের জবাবে নিজের জায়গা সাফ করে দিয়েছেন বিরাট। বলেছেন, ‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না। মাঠে থেকে ২০ ওভারের ‘ইমপ্যাক্ট’ অনুভব করতে চাই। আমি এমন জাতের ক্রিকেটার। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমায় এমন দৃষ্টিভঙ্গি ও প্রতিভা দিয়েছেন।‘
কিন্তু একদিন না একদিন থেমে যেতেই হবে। অবসর প্রকৃতির নিয়ম। একথা বিরাটও অস্বীকার করছেন না। অন্যান্য পেশার চাইতে স্বল্পায়ু যে কোনও খেলোয়াড়ের কেরিয়ার। তবু তিনি বলেছেন, ‘আমি হয়তো আর খুব বেশিদিন ক্রিকেট খেলতে পারব না। আমাদের কেরিয়ারের শেষের দিন নিশ্চয় আছে। কিন্তু যেদিন জুতো খুলে রাখব, সেদিন মনে যেন কোনও অতৃপ্তি না থাকে। তাই আমায় আরও উন্নতি করতে হবে।‘
কে বলবে বিরাট কোহলি এখন ছত্রিশে!