আমি স্টোকসের দক্ষতা এবং তার মনোভাবের একজন বড় ভক্ত, তবে সে ভেবেচিন্তে উত্তর দিতে পারত।

রবিচন্দ্রন অশ্বিন ও বেন স্টোকস
শেষ আপডেট: 6 August 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বেন স্টোকসের (Ben Stokes) একজন আহত খেলোয়াড়ের পরিবর্তে (Medical Substitutions) প্লেয়িং একাদশে অন্য একজনকে খেলানোর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন। ভারতের এই প্রবাদপ্রতিম অফ-স্পিনার বলেছেন, ইংল্যান্ড অধিনায়কের কথা বলার আগে ভাবা উচিত ছিল। প্রসঙ্গত, পঞ্চম টেস্টে ক্রিস ওকসের কাঁধে চোট পাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক স্টোকস এই মন্তব্য করেছিলেন।
ওকস চোট পাওয়ার আগে ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ভারতের উইকেটরক্ষক- ব্যাটার ঋষভ পন্থ। তিনি ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁর পা রক্তাক্ত হয়ে ওঠে। সে সময় নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন ভারতের সহ-অধিনায়ক। স্ক্যানে ডান পায়ে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া সত্ত্বেও পরের দিন তিনি ব্যাট করতে নামেন। এর পরে, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর টেস্ট ক্রিকেটে আহত খেলোয়াড়দের পরিবর্তে অন্য খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার কথা বলেন। কিন্তু স্টোকস গম্ভীরের সেই দাবি প্রত্যাখ্যান করেন এবং 'একেবারে হাস্যকর' বলে অভিহিত করেছিলেন।
পঞ্চম টেস্টে ওভালে ইংল্যান্ডও একই রকম পরিস্থিতির সম্মুখীন হয়। ফিল্ডিং করার সময় ডান হাতের পেশি ছিড়ে যায় ক্রিস ওকসের। এর পর শেষ দিনে ওকস ব্যাট করতে নামেন। তাঁর ডান হাত তখন ছিল জামার মধ্যে ব্যান্ডেজ করা অবস্থায়। এক হাতে ব্যাট নিয়েই নামেন তিনি। সেই সময় ইংল্যান্ডের চলে গিয়েছে নয়টি উইকেট। জয়ের জন্য বাকি ছিল ২০-রও কম রান।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেল 'আশ কি বাত'-এ বলেন, “একটি তামিল প্রবাদ আছে, যা মোটামুটিভাবে অনুবাদ করলে দাঁড়ায়, তোমার কর্ম তোমাকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করবে। তুমি যা বপন করবে তাই কাটবে।”
অশ্বিন আরও বলেন, “শেষ টেস্টের আগে পন্থের চোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গৌতম গম্ভীর বলেছিলেন, এই ধরনের আঘাতের জন্য একজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা উচিত। স্টোকসকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি এটিকে রসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন। আমি স্টোকসের দক্ষতা এবং তার মনোভাবের একজন বড় ভক্ত, তবে সে ভেবেচিন্তে উত্তর দিতে পারত।”
ক্রিকেটের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের মন্তব্যের কথাও উল্লেখ করেছেন অশ্বিন। তিনি বলেন, “মাইকেল ভন বলেছেন, এটি এমন একটি বিষয় যার জন্য নিয়ম পরিবর্তন করা যেতে পারে। আহত খেলোয়াড়ের জায়গায় একজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার অনুমতি থাকা উচিত। স্টোকসের ভাবা উচিত ছিল যদি ঋষভ পন্থের মতো একজন খেলোয়াড় তার দলে থাকত এবং আহত হত তাহলে কী হত।”
অশ্বিন বলেন, “আপনি কি পরিবর্তন চাইবেন না? এটা কি ন্যায্য হবে না? আপনার মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে কিন্তু 'রসিকতা' এবং 'অযৌক্তিক' শব্দ ব্যবহার করা সম্মানজনক নয়। কথা বলার আগে ভাবুন। কর্মের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়।”