বিজয় হাজারেতে ফিরে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ফলাফল? এক ম্যাচে ১৩১, পরের ম্যাচে ৭৭।

বিরাট কোহলি
শেষ আপডেট: 29 December 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ‘ফিট থাকতে হলে খেলতে হবে’—বোর্ডের ফরমান শুধু কথায় আটকে থাকেনি। যে কারণে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দিল্লির হয়ে তিন নম্বর ম্যাচ খেলবেন তিনি। প্রতিপক্ষ রেলওয়ে (Railways)। ভেন্যু বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স (BCCI Centre of Excellence)।
তৃতীয় ম্যাচে খেলার সম্মতি
বিরাটের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (Delhi & District Cricket Association) সভাপতি রোহন জেটলি (Rohan Jaitley)। ইন্ডিয়া টুডে-কে স্পষ্ট বলেছেন, ‘এই মুহূর্তে পরিকল্পনা অনুযায়ী বিরাট খেলছে। অন্তত তিনটি ম্যাচ!’ যার অর্থ রেলওয়ের বিরুদ্ধে ম্যাচেও দিল্লির জার্সিতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
ঘরোয়া মঞ্চে ফর্মে বিরাট
বিজয় হাজারেতে ফিরে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ফলাফল? এক ম্যাচে ১৩১, পরের ম্যাচে ৭৭। শুধু রান নয়, রেকর্ডও। লিস্ট ‘এ’ক্রিকেটে (List A cricket) দ্রুততম ব্যাটার হিসেবে ১৬ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি, টপকেছেন শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। ঘরোয়া মঞ্চে নামলেও ‘ক্লাস’ যে বদলায়নি, কোহলি তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি পর্ব
ঘরোয়া ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দে ছিলেন বিরাট। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (ODI series) টানা দু’টি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান—সিরিজ জেতে ভারত ২–১ ব্যবধানে। এরপরই ঘরোয়া ক্রিকেটে নামা। সূত্রের খবর, ভারতীয় দল ৮ জানুয়ারি বরোদায় (Vadodara) একজোট হবে। তবে বিরাট চাইলে একদিন আগেই পৌঁছে অনুশীলন শুরু করতে পারেন। কারণ ১১ জানুয়ারি থেকেই শুরু নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, প্রথম ম্যাচও বরোদাতেই।
দায়িত্ব বাড়ছে সিনিয়রদের
সিরিজে থাকছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) কথা মাথায় রেখে তাঁদের বিশ্রাম দেওয়া হচ্ছে। ফলে নিউজিল্যান্ড সিরিজে সিনিয়রদের কাঁধে আরও দায়িত্ব বাড়ছে।