অবশ্য কুলদীপের সঙ্গে এই অবিচার শুধু যে গম্ভীর জমানাতেই হচ্ছে সেটা কিন্তু নয়। টিম ইন্ডিয়া জার্সিতে তাঁর অভিষেক পর থেকেই কুলদীপের সঙ্গে এই ব্যবহার চলছে।

কুলদীপ যাদব
শেষ আপডেট: 24 October 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে ভারত। সিরিজ খুইয়ে শনিবার তৃতীয় ম্যাচ খেলতে (Third ODI) নামবে শুভমান গিল ব্রিগেড। আদতে নিয়মরক্ষার হলেও ওই ম্যাচ ভারতের সম্মানরক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এই ম্যাচ জিতলে কিছুটা হলেও মুখরক্ষা হবে গৌতম গম্ভীরের ছাত্রদের।
সম্প্রতিকালে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হল টিম ইন্ডিয়ার হার মানেই গৌতম গম্ভীরের প্রথম একাদশ ঘোষণা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করা। ভারতীয় দলের চাণক্য সেই সব ক্রিকেটারদের পছন্দ করেন, যাঁরা ব্যাট ও বল- দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন। আর গৌতির এই সিদ্ধান্তের প্রভাব সব থেকে বেশি পড়ছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপর। এশিয়া কাপ ২০২৫-এ চায়নাম্যান কুলদীপ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ছিলেন দুরন্ত। কিন্তু নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দরদের খেলাতে গিয়ে তাঁকেই বাদ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞর বলেছেন, সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে সফল হতে পারতেন কুলদীপ। এমনকি অস্ট্রেলিয়া অ্যাডিলেডের পিচের চরিত্র অনুযায়ী অ্যাডাম জাম্পাকে প্রথম একাদশে রেখেছিল। জাম্পা সফলও হয়েছেন। কিন্তু অদ্ভুত কারণে বাদ কুলদীপ।
অবশ্য কুলদীপের সঙ্গে এই অবিচার শুধু যে গম্ভীর জমানাতেই হচ্ছে সেটা কিন্তু নয়। টিম ইন্ডিয়া জার্সিতে তাঁর অভিষেক পর থেকেই কুলদীপের সঙ্গে এই ব্যবহার চলছে। কুলদীপের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম চার বছরে কোচ ও অধিনায়ক ছিলেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি। এরপর এল রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জমানা। আর এখন কুলদীপ খেলছেন গম্ভীর-গিল জুটির অধীনে। এই সব সময়কালের মধ্যে বোর্ড নির্বাচক, কোচ ও নেতৃত্বে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু কুলদীপের বাদ পড়ার ইতিহাস বদলায়নি। ম্যাচজয়ী পারফরম্যান্সের পরের ম্যাচেও এই বাঁহাতি রিস্ট স্পিনারকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি।
কুলদীপের ওডিআই রেকর্ড ওয়াশিংটন সুন্দর বা অক্ষর প্যাটেলের থেকে অনেক ভাল। তিনিই একমাত্র ভারতীয় বোলার যাঁর দুটি ওয়ানডে হ্যাটট্রিক রয়েছে। কুলদীপ ইতিমধ্যেই ৫০ ওভারের ক্রিকেটে দেশের সর্বকালের শীর্ষ উইকেট শিকারির তালিকায় দশম স্থানে উঠে এসেছেন। ১১৩ ম্যাচে তাঁর গড় ২৬.৪৪ এবং স্ট্রাইক রেট ৩১.৭৯। ভারতীয়দের মধ্যে কুলদীপের চেয়ে গড় এবং স্ট্রাইক রেট কেবল জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিরই বেশি।
এখন দেখার সিডনির তৃতীয় ওডিআই ম্যাচে কুলদীপকে সুযোগ দেওয়া হয় কি না। তবে সমালোচকরা বলছেন, প্রিয় হর্ষিত রানাকে কখনওই বাদ দেবেন না গম্ভীর। এখন কুলদীপকে প্রথম একাদশে নিতে গেলে কোপ পড়তে পারে নীতীশকুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দরের উপর।