ধোনির সতর্কবার্তা, ‘আমি কিছু বলে গাঁট পাকাতে চাই না। তবে এই ভারতীয় দল নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি।’
_1.jpeg.webp)
গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 4 February 2026 18:09
দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি–২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত (India)। ২০২৪ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে খেতাবজয়ের পর টার্গেট রেকর্ড তৃতীয় ট্রফি জিতে নেওয়া। কিন্তু সেই পথ যে একেবারে মসৃণ নয়, মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
‘ভারত সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি’
টি–২০ বিশ্বকাপের আগে ‘মাহি আনপ্লাগড’ (Mahi Unplugged) অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানালেন, বর্তমান দলকে তিনি সবচেয়ে ভয়ংকর টিমগুলোর একটি বলে মনে করেন। ধোনির কথায়, অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা এবং নির্দিষ্ট ভূমিকা পালন—সবকিছুতেই এই বাহিনী তৈরি। বলেছেন, ‘এই ফরম্যাটে ওদের অভিজ্ঞতা বিপুল। চাপের মধ্যে খেলেছে। যে যার ভূমিকা জানে এবং দীর্ঘদিন ধরে সেই কাজটাই করে আসছে!’ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল যে কাগজে-কলমে প্রায় নিখুঁত, সে বিষয়ে কোনও দ্বিমত নেই তাঁর।
ধোনির একমাত্র ভয়—শিশির
তবে প্রশংসার মধ্যে একটি বড় শঙ্কার কথা তুলেছেন প্রাক্তন অধিনায়ক। ধোনির স্পষ্ট বক্তব্য, ‘আমি শিশিরকে ঘৃণা করি। এটা ম্যাচের অনেক কিছু বদলে দেয়। টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’নিজের খেলার সময়ের অভিজ্ঞতা টেনে ধোনি জানান, নিরপেক্ষ পরিস্থিতিতে যদি সেরা দলগুলোর বিরুদ্ধে ১০টা ম্যাচ খেলানো হয়, তাহলে ভারতই বেশিরভাগ সময় জিতবে। কিন্তু শিশির ঢুকে পড়লে হিসেব বদলে যেতে পারে—বল গ্রিপ করা থেকে শুরু করে বোলিং পরিকল্পনা, সবই প্রভাবিত হয়।
টি–২০-র অনিশ্চয়তা
এতকিছুর পরেও ধোনি মনে করিয়ে দিয়েছেন, টি–২০ ফরম্যাট সবচেয়ে অনিশ্চিত। কোনও একদিন দলের কয়েকজন ব্যর্থ হলেই প্রতিপক্ষের একজন অসাধারণ পারফরম্যান্স ম্যাচ ঘুরিয়ে দিতে পারে—সে গ্রুপ পর্ব হোক বা নকআউট। তাই চোট-আঘাত এড়িয়ে, নির্ধারিত ভূমিকা ঠিকমতো পালন করাটাই আসল চাবিকাঠি। ধোনির সতর্কবার্তা, ‘আমি কিছু বলে গাঁট পাকাতে চাই না। তবে এই ভারতীয় দল নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি।’