সংযুক্ত আরব আমিরশাহির এবারের দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন ছয়জন।

সিমরনজিৎ সিং
শেষ আপডেট: 10 September 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: আজ এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া (Asia Cup 2025)। গৌতম গম্ভীরের ছাত্রদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত আটটা থেকে। তার আগে সাড়ে সাতটায় হবে টস।
ধারে ও ভারে আমিরশাহির থেকে অনেকটাই এগিয়ে সূর্যকুমার যাদব ব্রিগেড। চূড়ান্ত অঘটন না ঘটলে এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত। তবে ক্রিকেটে সব কিছুই সম্ভব। শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে অনেকবারই দেখা গিয়েছে, ধর্তব্যের মধ্যে না রাখা দলও পাশা উল্টে দিয়ে বড় দলকে হারিয়ে দিয়েছে। তাই পচা শামুকে পা যাতে না কাটে, সেজন্য সাবধানী টিম ইন্ডিয়াও।
ইউএই স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা হলেন, হর্ষিত কৌশিক, সিমরনজিৎ সিং, ধ্রুব পরাশর, আলিশান শরাফু, আরিয়াংশ শর্মা ও রাহুল চোপড়া। বুধবার তাঁরাই নামবেন নিজেদের মাতৃভূমির বিপক্ষে।
আমিরশাহির কোচ লালচাঁদ রাজপুতও ভারতীয়। জাতীয় দলের এই প্রাক্তন ওপেনারের কোচিংয়েই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তাঁর কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা আমিরশাহি টিমের অন্যতম সম্পদ।
এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাশাহির পূর্ণ স্কোয়াড: মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, মহম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, মহম্মদ ফারুক, মহম্মদ জাওয়াদুল্লাহ, সাগির খান, হায়দার আলি, জুনায়েদ সিদ্দিক, মহম্মদ রোহিদ খান, আরিয়াংশ শর্মা, ধ্রুব পরাশর, মতিউল্লাহ খান, এথান ডিসুজা ও সিমরনজিৎ সিং।