দু’বছর আগে মুম্বইয়ের ঘটনা। পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ তুলে স্বপ্না জানান, একটি পার্টিতে সেলফি তুলতে রাজি না হওয়ায় তাঁদের ঝামেলা বাধে।

পৃথ্বী শ
শেষ আপডেট: 10 September 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: একসময় জাতীয় দলে সুযোগ পাওয়া, নিয়মিত ওপেনে নামা পৃথ্বী শ (Prithvi Shaw) আজ জায়গা হারিয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। যা এবার নতুন মোড় নিল আদালতে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের (Sapna Gill) দায়ের করা শ্লীলতাহানির মামলায় দেরি করে জবাব দেওয়ায় পৃথ্বীর জরিমানা করা হল। তবে অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে—‘দোষী’ ক্রিকেটারকে দিতে হবে মাত্র ১০০ টাকা।
দু’বছর আগে মুম্বইয়ের ঘটনা। পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ তুলে স্বপ্না জানান, একটি পার্টিতে সেলফি তুলতে রাজি না হওয়ায় তাঁদের ঝামেলা বাধে। বিতর্কিত খেলোয়াড়ের বিরুদ্ধে বন্ধুর ফোন কেড়ে নেওয়া, ধাক্কা দেওয়া, এমনকি শ্লীলতাহানির অভিযোগও তোলেন। পুলিশের কাছে গেলে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি বলে ক্ষোভ জানান স্বপ্না। পরে সেশনস কোর্টের দ্বারস্থ হন।
ম্যাজিস্ট্রেট আদালত প্রথমে এফআইআর দায়েরের নির্দেশ দেয়নি। বদলে সান্তাক্রুজ থানাকে প্রাথমিক তদন্ত সেরে রিপোর্ট জমা দিতে বলে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিশন পিটিশন দায়ের করেন স্বপ্না। এপ্রিল ২০২৪ থেকে এই মামলা চলছে। আদালত শ’য়ের জবাব তলব করলেও নির্ধারিত সময়ে তা জমা পড়েনি। তাই শাস্তিবাবদ ১০০ টাকার জরিমানা। আদালত আরও একবার সময় দিয়েছে। এবারও দেরি করলে খেসারত আরও বাড়তে পারে।
স্বপ্নার আইনজীবী আলি কাশিফ খান (Ali Kaashif Khan) অভিযোগের সুরে বলেছেন, ‘শ’ নিয়মিত আদালতের প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন। বহুবার সমন পাঠানো হলেও হাজিরা দেননি।’ যদিও পুলিশ রিপোর্টে অন্য ছবি। তাতে বলা হয়েছে, ঝামেলা বাঁধে পৃথ্বী বেরোনোর সময়। তাঁর বন্ধু আশিস সুরেন্দ্র যাদবকে নাকি ছ’জন মিলে তাড়া করেন। যাঁদের মধ্যে ছিলেন স্বপ্না এবং তাঁর বন্ধু শোভিত ঠাকুরও। ঠাকুরের সঙ্গেই আসল হাতাহাতি। অভিযোগ, তাঁকে বেসবল ব্যাট দিয়ে মারা হয়। পৃথ্বী নিজে অবশ্য অক্ষত শরীরে সেখান থেকে পালিয়ে যান। পরে স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনদিন জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান।
এই অবস্থায় নতুন শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫। ততদিনে হয়তো আরও স্পষ্ট হবে—এই বহুলচর্চিত মামলা কোন দিকে মোড় নেয়। আপাতত বিতর্কিত পৃথ্বীর হাতে স্রেফ একখানা আদালতের কাগজ, যার নীচে জ্বলজ্বল করছে একশো টাকা জরিমানার অঙ্ক।