অতীতের সেই পিচ-ছবি স্মৃতি হোক বা নিছক কাকতালীয় মুহূর্ত—ফাইনালের আগে তাকে ঘিরেই নতুন করে জমে উঠেছে আলোচনা।

স্যান্টনার ও কামিন্স
শেষ আপডেট: 7 March 2026 15:59
দ্য ওয়াল ব্যুরো: ‘কাকতালীয়’ বলে উড়িয়ে দেওয়াই যায়। আরেকটু সাধু বাংলায় ‘আপতিক’। কিন্তু হৃদয়ভাঙা দু:স্বপ্নের প্রতিটি পল যাদের মনে গেঁথে, মুছে যায়নি এতটুকু, কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারের এই বিশেষ পোজ তাদের এতটুকু স্বস্তিতে রাখবে না!
ভাইরাল পিচ-ছবি, সমাজমাধ্যমে তুলনা
তেইশের বিশ্বকাপ ফাইনাল৷ কার্যত একপেশে লড়াইয়ে টিম ইন্ডিয়াকে দুরমুশ করেছিল অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড ঝোড়ো সেঞ্চুরিতে লাইমলাইট কেড়েছিলেন ঠিকই, কিন্তু দলের বিধ্বংসী ওপেনারের থেকে খুব একটা পিছিয়ে ছিলেন না অধিনায়ক প্যাট কামিন্স। বল হাতে দুরন্ত স্পেল, গুরুত্বপূর্ণ সময় উইকেট ছিনিয়ে নেওয়া তো বটেই, সমর্থকদের ধুকপুকানি বাড়িয়ে দেন লড়াই শুরুর আগে৷ যখন মোবাইল ফোন হাতে পর্যবেক্ষণের সময় তুলে রাখেন পিচের ছবি!
ঠিক এই স্মৃতি হুবহু একই কায়দায় ফিরে এল আজ৷ সৌজন্যে মিচেল স্যান্টনার৷ কাল ভারত-নিউজিল্যান্ড ফাইনাল৷ তার আগে উইকেট পরিদর্শনের সময় ঠিক কামিন্সের স্টাইলেই ছবি তুললেন কিউয়ি অধিনায়ক। যা দেখে মিম ছড়িয়েছে, কৌতুকের বন্যা বয়েছে ঠিকই। কিন্তু সমর্থকদের বড় অংশ দুটো ছবির অদ্ভুত মিল দেখে মজা পাওয়ার বদলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন৷ এবারও স্বপ্নভঙ্গ হবে না তো? প্রত্যাশা জাগিয়েও শেষ লগ্নে খালি হাতে ফিরবে না তো টিম ইন্ডিয়া? নিউজিল্যান্ড কি আড়ালে জটিল কোনও রণকৌশল বুনতে শুরু করেছে? এমনই একগুচ্ছ সওয়াল আছড়ে পড়েছে সমাজমাধ্যমে।
স্যান্টনারের মন্তব্য: ব্যাটিং সহায়ক পিচের ইঙ্গিত
ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে পিচ নিয়েও কথা বলেছেন স্যান্টনার। তাঁর মতে, আমদাবাদের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক। তাই ফাইনালেও বড় স্কোর দেখা যেতে পারে। কিউয়ি অধিনায়ক বলেন, ‘আমি এখনও উইকেটটা কাছ থেকে দেখিনি, কারণ তা ঢাকা ছিল। তবে অনুমান করা যায়, পিচ পাটা হবে, যেখানে হাইস্কোরিং ম্যাচ হতে পারে।’
স্যান্টনার স্বীকার করেন, ভারতের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। বিশেষত, পেসার জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলাদা করে সতর্ক নিউজিল্যান্ড। তাঁর মন্তব্য, ‘বুমরাহ এখন সবার আলোচনায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ওর স্পেল ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তবে শুধু বুমরাহ নয়, ভারতের দলে অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছে!’
ফাইনালের আগে ইতিহাস
রবিবার টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে মুখোমুখি হবে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ভারত এই টুর্নামেন্টে ঘরের মাঠের সুবিধা তুলে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছে। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে প্রথমবার টি–২০ বিশ্বকাপ জেতার সুযোগ। স্যান্টনারের চোখে, ফাইনালে সূর্যকুমাররা ঘরের মাঠে খেলবে বলে চাপ বেশি। একই সঙ্গে খানিক রসিকতার ছলে জানিয়ে দেন, ভরা গ্যালারির আওয়াজ থামিয়ে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।
এই আবহে অতীতের সেই পিচ-ছবি স্মৃতি হোক বা নিছক কাকতালীয় মুহূর্ত—ফাইনালের আগে তাকে ঘিরেই নতুন করে জমে উঠেছে আলোচনা।