আইসিসির এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা পারফরমাররা জায়গা করে নিয়েছেন। এখন দেখার, ফাইনালের পর টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার শেষ পর্যন্ত কার হাতে ওঠে।

ছবি: গুগল
শেষ আপডেট: 6 March 2026 14:06
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ লগ্নে। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে মুখোমুখি ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand)। সেই মহারণের আগে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আটজন ক্রিকেটারের নাম রয়েছে মনোনয়নে। চমকপ্রদ বিষয়—ভারতের পক্ষ থেকে জায়গা পেয়েছেন মাত্র একজন। তিনি সঞ্জু স্যামসন (Sanju Samson)।
বাকিদের মধ্যে রয়েছেন উইল জ্যাকস (Will Jacks), সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), লুঙ্গি এনগিডি (Lungi Ngidi), এডেন মার্করাম (Aiden Markram), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), শ্যাডলি ভ্যান শালকভিক (Shadley van Schalkwyk) এবং টিম সেইফার্ট (Tim Seifert)।
সঞ্জুর দুরন্ত ফর্ম
ভারতের হয়ে এই বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তালিকায় জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। বিশেষ করে শেষ দু’টি ম্যাচে তাঁর ব্যাট হয়ে ওঠে ম্যাচ নির্ধারক। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে করেন অপরাজিত ৯৭। মাত্র ৫০ বলে সেই ইনিংস ভারতের জয়ে বড় ভূমিকা নেয়। তারপর গতকাল সেমিফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। ঝলসে ওঠেন আবারও। ৪২ বলে ৮৯ রানের ইনিংসে ভারতের ২৫৩ রানের বিশাল স্কোরের ভিত গড়ে দেন সঞ্জু। এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাট থেকে এসেছে ২৩২ রান। গড় ৭৭.৩৩। স্ট্রাইক রেট ২০১.৭৩। এই ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই তিনি আইসিসির শর্টলিস্টে জায়গা করে নিয়েছেন।
নজর কাড়ছেন যাঁরা
ইংল্যান্ডের উইল জ্যাকস (Will Jacks) এই তালিকার অন্যতম আলোচিত মুখ। চারবার ম্যাচের সেরা হয়েছেন। করেছেন ২২৬ রান। স্ট্রাইক রেট প্রায় ১৭৬। পাশাপাশি অফস্পিনেও গুরুত্বপূর্ণ, ছিনিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।
পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) এই বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক। ছ’টি ইনিংসে ৩৮৩ রান। শ্রীলঙ্কা (Sri Lanka) ও নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে দুটি শতরান। টি-২০ বিশ্বকাপের এক আসরে দুবার সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও তিনিই।
দক্ষিণ আফ্রিকার (South Africa) লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) দলের পেস আক্রমণের প্রধান ভরসা। কানাডা (Canada), আফগানিস্তান (Afghanistan) ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। পাশাপাশি প্রোটিয়াদের অধিনায়ক এডেন মার্করাম (Aiden Markram) তিনটি অর্ধশতরান করে দলের ব্যাটিংয়ে ধারাবাহিকতা এনে দিয়েছেন।
অলরাউন্ড পারফরম্যান্সে নজর
নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ব্যাট ও বল—দু’দিকেই নজর কাড়ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪/২৭ নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শালকভিক (Shadley van Schalkwyk) টুর্নামেন্টের বড় চমক। ভারতের বিরুদ্ধে ৪ উইকেট এবং পাকিস্তানের বিরুদ্ধে আবার ৪ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন।
নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) দলের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আট ম্যাচে ২৭৪ রান, চারটি অর্ধশতরান।
সব মিলিয়ে আইসিসির এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা পারফরমাররা জায়গা করে নিয়েছেন। এখন দেখার, ফাইনালের পর টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার শেষ পর্যন্ত কার হাতে ওঠে।