আলোয় ছিলেন সঞ্জু। কিন্তু চাপের মুহূর্তে দ্বৈরথের দিশা বদলেছেন বুমরাহ। এখন সামনে মাত্র আর এক ধাপ—ফাইনাল!

সঞ্জু ও বুমরাহ
শেষ আপডেট: 6 March 2026 10:32
দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ের (Wankhede Stadium) রাতটা ছিল নিখাদ টি-২০ থ্রিলার! স্কোরবোর্ডে ৫০০ রানের লড়াই। শেষ পর্যন্ত ৭ রানে জিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে ভারত (India)। ম্যাচের সেরা সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু পুরস্কার হাতে নিয়েই জানিয়ে দিলেন—এই ট্রফি তাঁর নয়, জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রাপ্য। কারণ সহজ। সঞ্জুর যুক্তি, ব্যাট হাতে তিনি ম্যাচের ছন্দ গড়ে তুলেছেন ঠিকই। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়েছে বুমরাহর স্পেল।
৪২ বলে ৮৯: ইনিংসের ছন্দ বাঁধলেন সঞ্জু
ভারতের ২৫৩/৭ স্কোরের ভিত তৈরি করেন সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৯। শুরুতে একটু সময় নেন। তারপর গতি বাড়ান। শটের পর শট। ইংল্যান্ডের (England) বোলাররা কেউই ছন্দ খুঁজে পাননি। ম্যাচের পরে টিম ইন্ডিয়ার ওপেনারের বক্তব্য, তিনি আগেই বুঝেছিলেন ফর্মে আছেন। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ইনিংস তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তাই এই ম্যাচে নিজেকে একটু সময় দিয়েছেন। ‘বড় ম্যাচে ফর্ম পাওয়া সহজ নয়। যখন পেলাম, কাজে লাগাতে চেয়েছি,’ মন্তব্য সঞ্জুর। ওয়াংখেড়ের পিচ সম্পর্কে তাঁর ধারণা পরিষ্কার ছিল। ‘এখানে কোনও স্কোরই নিরাপদ নয়। তাই যতটা সম্ভব রান তুলতে চেয়েছি!’ জুড়ে দেন তিনি।
সেঞ্চুরি মিস নিয়ে তাঁর ভাবনা? খুব সহজ উত্তর। স্যামসনের কথায়, ‘টি-২০-তে সেঞ্চুরি ভেবে ব্যাট করা যায় না। শুরুটা ভালো হলে শুধু চালিয়ে যেতে হয়।’
ডেথ ওভারে ম্যাচ ঘোরালেন বুমরাহ
চেজ করতে নেমে ইংল্যান্ড থামেনি। জবাবি ইনিংসে রান উঠছিল দ্রুত। ম্যাচ ক্রমশ টানটান। ঠিক তখনই বুমরাহর গ্র্যান্ড এন্ট্রি! চার ওভারে ১/৩৩। পরিসংখ্যান খোলা চোখে খুব বড় কিছু নয়। কিন্তু প্রেক্ষাপট অন্য কথা বলছে। যে রাতে প্রায় সব বোলার নির্বিচারে ঠ্যাঙানি খেলেন, সেখানে নিয়ন্ত্রণ ধরে রাখেন বুমরাহ। বিশেষ করে ডেথ ওভারে। এখানে তাঁর স্পেল ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দেয়।
সঞ্জুর কথায়, ‘বুমরাহ এক প্রজন্মে একবার পাওয়া বোলার। আজ সেটা আরও একবার দেখিয়েছে। ওর সেই বোলিং না থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না!’ বুমরাহর সাঁড়াশি স্পেলের সুবাদে শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ২৪৬/৭-এ। সাত রানের জয় ছিনিয়ে নেয় গম্ভীরের ছেলেরা।
ফাইনালের পথে ভারত, প্রশংসায় ক্রিকেট দুনিয়া
সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ভারত পৌঁছে গেল টানা দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ ফাইনালে। রবিবার আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। টিম ইন্ডিয়া আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তবু ম্যাচের পরে ক্রিকেট মহলে প্রশংসার বন্যা। বিসিসিআই সভাপতি মিথুন মানহাস (Mithun Manhas) জানান, দলগত পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছে। রাজীব শুক্লা (Rajeev Shukla) তুলে ধরেন সঞ্জু, শিবম দুবে (Shivam Dube), ঈশান কিশন (Ishan Kishan), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অবদান। ইরফান পাঠান (Irfan Pathan) সরাসরি বলেন, ‘৫০০ রানের ম্যাচে আমার ম্যাচের সেরা বুমরাহ!’
এটাই হয়তো ম্যাচের সারকথা। আলোয় ছিলেন সঞ্জু। কিন্তু চাপের মুহূর্তে দ্বৈরথের দিশা বদলেছেন বুমরাহ। এখন সামনে মাত্র আর এক ধাপ—ফাইনাল!