দু’ম্যাচ বাকি। ভুলের সুযোগ নেই। এই পরিস্থিতিতে একটা সিদ্ধান্তই বলে দিতে পারে ভারতের বিশ্বকাপ অভিযান কোন দিকে মোড় নেবে।

সঞ্জু স্যামসন
শেষ আপডেট: 23 February 2026 13:09
দ্য ওয়াল ব্যুরো: সুপার এইটে বড় ধাক্কা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭৬ রানে পরাজয়ের পরই শুরু হয়েছে টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে নতুন আলোচনা। ওপেনিং জুটি বারবার ভেঙে পড়ছে। ফলে প্রশ্ন উঠছে—আগামী ম্যাচে কি দলে ফিরছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)? ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন, পরিবর্তন নিয়ে ম্যানেজমেন্ট শিবিরে ভাবনা চলছে।
শুরুতেই ধাক্কা, একই গল্প বারবার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ১১১ রান তুলেই গুটিয়ে যায়। এটা এক ম্যাচের গল্প নয়, টুর্নামেন্ট জুড়েই ওপেনিং ব্যর্থতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিষেক শর্মা (Abhishek Sharma) চার ইনিংসে তিনবার শূন্য। তিলক বর্মাও (Tilak Varma) উপরে উঠে বড় রান করতে পারেননি। গত তিন ম্যাচে প্রথম ওভারে উইকেট পতন। প্রতিপক্ষ টিম পার্ট-টাইম অফস্পিনার দিয়ে ইনিংস শুরু করাচ্ছে আর ভারত বারবার ফাঁদে পড়ছে। দুশখাতের বিশ্লেষণ, ‘প্রায় প্রতি ম্যাচেই শুরুটা হচ্ছে ০/১ বা খুব কম রানে এক উইকেট। এতে চাপ তৈরি হচ্ছে। এটা নিয়ে ভাবতেই হবে।’
এই একটি কথাতেই লুকিয়ে দলের আসল অস্বস্তি।
সঞ্জুই কি অনিবার্য সমাধান?
এই প্রেক্ষাপটে উঠে এসেছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম। নামিবিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়ে ৮ বলে ২২ করেছিলেন। আক্রমণাত্মক, ডানহাতি ব্যাটার—কৌশলগত দিক থেকেও যোগ্য বিকল্প হতে পারেন। দুশখাতে খোলাখুলি বলেন, ‘আমরা আগের ১৮ মাসে পারফর্ম করা ছেলেদের উপর ভরসা রাখব? নাকি পরিবর্তন করব? সঞ্জুও দারুণ ক্রিকেটার। ওপরে ডানহাতি অপশন পাওয়া যায়।’অর্থাৎ, রদবদলের পাকা সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু আলোচনা চলছে, এটা স্পষ্ট। টিম ম্যানেজমেন্টের সামনে এখন মূল প্রশ্ন—ধৈর্য না পরিবর্তন—কোন মন্ত্রে এগনো ঠিক হবে?
সঞ্জুর ফর্ম প্রশ্নের বাইরে নয়
এখানেই দ্বিধা। গত বছর থেকে ওপেনিং ভূমিকায় সঞ্জুর পরিসংখ্যান মোটেও আশাব্যঞ্জক নয়। ১২ ইনিংসে ১৫৬ রান। গড় মাত্র ১৩। সর্বোচ্চ ৩৭। পাওয়ারপ্লে টিকে থাকতে পেরেছেন মাত্র দু’বার। অর্থাৎ, তিনি নিশ্চিত সমাধান—এ কথা বলা যায় না। তবে বর্তমান পরিস্থিতিতে অন্তত ‘নতুন শুরু’-র বার্তা দিতে পারে তাঁর অন্তর্ভুক্তি।
ভারতের সামনে এখন জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে চেন্নাই ম্যাচ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে জিততেই হবে। ফলে দলে ভারসাম্য ফেরানো জরুরি। অভিষেকের আক্রমণাত্মক ধরন, তিলকের ছন্দহীনতা—সব মিলিয়ে ওপেনিং স্লট এখন ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শিবিরে তাই দুশ্চিন্তা বাড়ছে। দু’ম্যাচ বাকি। ভুলের সুযোগ নেই। এই পরিস্থিতিতে একটা সিদ্ধান্তই বলে দিতে পারে ভারতের বিশ্বকাপ অভিযান কোন দিকে মোড় নেবে।