সব মিলিয়ে গ্রুপ পর্বের আত্মবিশ্বাস আপাতত অতীত। সামনে কড়া পরীক্ষা। আর এতটুকু ভুলের সুযোগ নেই।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 23 February 2026 10:41
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বে চার ম্যাচ, চার জয়। ছন্দেই ছিল ভারত। কিন্তু সুপার এইটে প্রথম ম্যাচে বড় ধাক্কা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭৬ রানে পরাস্ত সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। এই হার শুধু টিমের গতি থামিয়ে মনোবলে আঘাত হানেনি, সেমিফাইনালের অঙ্কও জটিল করে দিয়েছে।
কোথায় ম্যাচ হাতছাড়া?
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭/৭। শুরুতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৩ উইকেট ছিনিয়ে প্রোটিয়াদের চাপে ফেলেছিলেন। চার ওভার শেষে স্কোর ছিল ২০/৩। কিন্তু ডেভিড মিলার (David Miller) ৩৫ বলে ৬৩ রানের ঝড় তুলে ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দেন।
তাড়া করতে নেমে ভারতের শুরু থেকেই বিপর্যয়। ১০ ওভারে ৫১/৫। উইকেট হয়ে দাঁড়ায় এমন, যেখানে বল থেমে থেমে আসছিল। কেশব মহারাজ (Keshav Maharaj) ১৫তম ওভারে তিন উইকেট নিয়ে শেষ আশা নিভিয়ে দেন। ১৮.৫ ওভারে ১১১-তে অলআউট ভারত। ১২ ম্যাচের অপরাজিত ধারাও ভেঙে খানখান। তবে সবচেয়ে বড় ধাক্কা নেট রান রেটে। যা কমে দাঁড়িয়েছে -৩.৮০।
সেমিফাইনালের অঙ্ক কী বলছে?
আইসিসি (ICC) নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে আগে দেখা হবে জয়ের সংখ্যা। সেটা সমান হলে নেট রান রেট। তারপর হেড-টু-হেড। সবশেষে টি-২০ র্যাঙ্কিং।
ভারতের হাতে এখন দুই ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবোয়ে (Zimbabwe), ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কারণ বড় বাধা এখন নেট রান রেট! এক্ষেত্রে টিম ইন্ডিয়াকে আশা জোগাতে পারে দক্ষিণ আফ্রিকা। এডেন মার্করামের (Aiden Markram) দল যদি বাকি দু’টি লড়াই জিতে যায়, তাহলে সমীকরণ কিছুটা সহজ হবে। কিন্তু জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তখন গ্রুপের অঙ্ক আরও জটিল হতে চলেছে।
ভারতের টার্গেট
টিম ইন্ডিয়ার সামনে হিসেব পরিষ্কার। দরকার দুই ম্যাচে দুই জয়। জিততেও হবে দাপটের সঙ্গে, রান রেট বাড়িয়ে। এর জন্য ব্যাটিংয়ে স্থিরতা, বোলিংয়ে ধার—দুই-ই দরকার। চেন্নাই ও কলকাতায় দাপুটে পারফরম্যান্স না দেখাতে পারলে সুপার এইটেই শেষ হতে পারে টিম ইন্ডিয়ার অভিযান।
সব মিলিয়ে গ্রুপ পর্বের আত্মবিশ্বাস আপাতত অতীত। সামনে কড়া পরীক্ষা। আর এতটুকু ভুলের সুযোগ নেই।