দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মিডল ওভার ভেঙে পড়ল। দলগত ভারসাম্য চোখে পড়ার মতো টাল খেল। এখন হাতে দু’টি ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে আর ভুলের সুযোগ নেই।

গম্ভীর ও সূর্যকুমার
শেষ আপডেট: 23 February 2026 11:37
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরু হওয়ার আগেই প্রশ্ন, গুঞ্জন, জল্পনা! সুপার এইটে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের একাদশ দেখে অনেকেই অবাক। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) আবারও বাইরে! দলে রইলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ম্যাচ শেষ হল ৭৬ রানের লজ্জার পরাজয়ে। যার জেরে দল বাছাই নিয়ে কাঠগড়ায় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
অক্ষর বাইরে, বিতর্ক ভেতরে
অক্ষর অনভিজ্ঞ ক্রিকেটার নন। ব্যাট-বল দুই বিভাগেই কার্যকর। বড় ম্যাচে পারফরম্যান্সের প্রমাণ আছে। তবু টানা দ্বিতীয় ম্যাচে তিনি একাদশে নেই। এটা নিছক ট্যাকটিক্যাল সিদ্ধান্ত, নাকি বড় বার্তা—সেটাই এখন তর্কের মোদ্দা বিষয়।
সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) ম্যাচের পর জানালেন, একাদশ ঠিক করতে দীর্ঘ বৈঠক হয়েছে। ‘ম্যাচ-আপ’ ভেবেই নাকি সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের বিরুদ্ধে পাওয়ারপ্লেতে বল করতে পারবেন—এই ভেবে সুন্দরকে রাখা। একই সঙ্গে রিঙ্কু সিং-কে (Rinku Singh) অষ্টম ব্যাটার হিসেবে দরকার ছিল আর তাই কাউকে তো জায়গা ছাড়তেই হত—কৈফিয়ত দুশখাতের!
কিন্তু বাস্তব প্রশ্নটা অন্য জায়গায়। সুন্দরকে নেওয়ার যুক্তি ছিল পাওয়ারপ্লে বোলিং। কিন্তু ম্যাচে তিনি সেই লগ্নে বলই করলেন না। মাঝের ওভারেই ব্যবহার করা হল। সেখানে যদি ভূমিকা বদলাতেই হয়, তাহলে অক্ষরই কি বেশি উপযুক্ত ছিলেন না?
দুশখাতের স্বীকারোক্তিই যেন দ্বিধা স্পষ্ট করে দিল। তাঁর কথায়, ‘মাঝের ওভারে বল করাতে হলে অক্ষরকে বেছে নেওয়া যেত!’ এখানেই প্রশ্ন—দল কি নিজেদের বেশি বুদ্ধিমান দেখাতে গিয়ে বিপাকে পড়ল? আইপিএলে সুন্দর খুব বেশি ম্যাচ খেলেননি। সাম্প্রতিক অফ ফর্মও আলোচনায় ছিল। তবু অভিজ্ঞ অক্ষরের বদলে তাঁকে রাখা হয়। যা একেবারেই কাজে দিল না!
ভারসাম্যের সংকট
বিশ্লেষকদের মতে, বড় টুর্নামেন্টে নির্বাচন হয় ভূমিকার ভিত্তিতে, নামের ভিত্তিতে নয়। কথাটা ভুল কিছু নয়। কিন্তু রেজাল্ট খারাপ হলে প্রশ্ন উঠবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মিডল ওভার ভেঙে পড়ল। দলগত ভারসাম্য চোখে পড়ার মতো টাল খেল। এখন হাতে দু’টি ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে আর ভুলের সুযোগ নেই।