এশিয়া কাপের জন্য দলে গিলের প্রবেশে অধিনায়ক সূর্যকুমার যাদব বেশ অবাক হয়েছিলেন এবং এমনকি তিনি এর বিরোধিতাও করেছিলেন।

শুভমান গিল ও সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 21 October 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে রোহিত-বিরাট পর্ব এখন শেষের পথে। দুই মহাতারকাই এখন ব্যস্ত রয়েছেন অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার হয়ে ওডিআই সিরেজ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজের পরেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
এদিকে ভারতীয় ক্রিকেটে এখন শুরু হয়েছে গৌতম গম্ভীর-শুভমান গিল (Shubman Gill) যুগ। গিল এখন দুই ফরম্যাটেই টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর, গিলকে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছিল। এর পরে, বিসিসিআই রোহিত শর্মাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে সেখানেও অধিনায়ক করেছে। এর আগে, ২০২৫ সালের এশিয়া কাপে গিলকে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক (T20 Vicecaptain) করা হয়েছিল।
এবার জানা গেল, ২০২৫ সালের এশিয়া কাপের জন্য টি-টোয়েন্টি দলে গিলের প্রবেশে অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) বেশ অবাক হয়েছিলেন এবং এমনকি তিনি এর বিরোধিতাও করেছিলেন।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখন প্রধান নির্বাচক অজিত আগরকর ২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেন, তার কিছুক্ষণ আগে, টি-টোয়েন্টি টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানতে পারেন যে, শুভমান গিলও দলের অংশ এবং তিনি সহ-অধিনায়কও হবেন।
ক্রিকব্লগারের একটি প্রতিবেদন অনুসারে, শুভমান গিলের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্তিতে সূর্যকুমার যাদব অবাক হয়েছিলেন। অজিত আগারকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন গিল তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার হয়ে খেলুক এবং ভবিষ্যতে তিন ফরম্যাটেই দলের অধিনায়ক হোক। গৌতম গম্ভীর গিলের আইপিএল ২০২৫-এর পারফরম্যান্সের কথা উল্লেখ করেছিলেন সেই সময়। সূর্যকুমার গিলকে টি-টোয়েন্টি দলে চাননি, কারণ শুভমান গিলের খেলার ধরণ বর্তমান দলের ধরণের সঙ্গে খাপ খায় না বলে তিনি মনে করতেন।
২০২৫ সালের এশিয়া কাপে শুভমান গিলের পারফরম্যান্স চিত্তাকর্ষক ছিল না। অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেনিং করতে নেমে তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। ২০২৫ সালের এশিয়া কাপে অভিষেক শর্মা শীর্ষস্থানীয় রান সংগ্রাহক হলেও, শুভমান গিল সাত ম্যাচে মাত্র ১২৭ রান করতে পেরেছিলেন এবং একটিও অর্ধশতক হাঁকাননি।