কথায় কথা বাড়ে। ফর্টিসও জবাব দেন। তাতে পালটা উত্তর দেন গৌতম। শুরু হয় বাকযুদ্ধ।

ইরফান পাঠান
শেষ আপডেট: 30 July 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা আগেও যা ছিল ‘ইংরেজ’ পিচ কিউরেটর বনাম ‘ভারতীয়’ হেড কোচের সংঘাত, তাকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। ওভালের পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের (Lee Fortis) সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলায় জড়িয়ে পড়া নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন সিমারের প্রশ্ন, ‘আমরা কি এখনও ঔপনিবেশিক যুগেই পড়ে আছি?’
ঘটনার সূত্রপাত গতকাল সকালে। সহকারীদের সঙ্গে নিয়ে পিচ দেখতে আসেন গম্ভীর। সেই সময় মাঠে হাজির ফর্টিস খুব সম্ভবত তাতে বাধা দেন। সেই সময় উপস্থিত সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, ইংরেজ কিউরেটরের আদেশে ক্ষুব্ধ হন গৌতম। তেড়ে যান। তারপর আঙুল উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা কী করব সেটা তোমায় বলতে হবে না!’
কথায় কথা বাড়ে। ফর্টিসও জবাব দেন। তাতে পালটা উত্তর দেন গৌতম। শুরু হয় বাকযুদ্ধ। ঝামেলা থামাতে নেমে পড়েন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। দু’জনকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফের কিছু বলে বসেন ফর্টিস। তাতে চটে গিয়ে গম্ভীর আরেকবার তেড়ে যান! কিছুক্ষণ বাদে উত্তেজনার আঁচ কমার পর শুরু হয় অনুশীলন। প্রথমে যোগ দেন সাই সুদর্শন। ধীরে ধীরে বাকিরা মাঠে আসতে থাকেন।
তাৎপর্যপূর্ণভাবে ঘটনার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। যেখানে ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালামকে পিচ পরিদর্শন করতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে বিতর্কিত কিউরেটর লি ফর্টিস। আর এই সূত্রেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। এক্স হ্যান্ডেলে তিনি সওয়াল তোলেন, ‘তাহলে একজন ইংরেজ কোচ বিনা বাধায় পিচ পরিদর্শনের নামে তার উপরে হেঁটেচলে বেড়াতে পারেন কিন্তু ভারতীয় কোচ পারবেন না? আমরা কি ঔপনিবেশিক আমলেই আটকে আছি?’
So an English coach can walk onto the pitch to inspect it? but an Indian coach can’t? Are we still stuck in the colonial era?
— Irfan Pathan (@IrfanPathan) July 29, 2025
আর এই সূত্রেই উঠেছে আরও বড় প্রশ্ন। বিদেশ সফরে গেলে কি উপমহাদেশের কোচ ও খেলোয়াড়দের প্রাপ্য সম্মানটুকুও জোটে না? গৌতমের সঙ্গে যেটা ঘটল সেটা কি বাকিদের অতীতে আকছার ভোগ করতে হয়েছে? মাঠে তর্কাতর্কির ফয়সালা অনেক সময় মাঠেই মিলে যায়। কিন্তু নজরের বাইরে থাকা এমন আচরণ হয়তো এই প্রথম নয়। তর্কাতর্কির ঘটনা এবং পাঠানের সওয়াল এই জিজ্ঞাসাটাকেই অনেকখানি উস্কে দিল।