অভিষেক ওর স্বাভাবিক খেলা খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাকে তা করার স্বাধীনতা দিয়েছে।
.png.webp)
অভিষেক শর্মা ও সনথ জয়সূর্য
শেষ আপডেট: 27 September 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বর্তমান কোচ সনথ জয়সূর্য (Sanath Jayasuriya) তাঁর ক্রিকেট কেরিয়ারে পরিচিত ছিলেন ভয়ডরহীন মানসিকতা নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য। বিশ্বের যে কোনও প্রান্তে তিনি তাবড় তাবড় বোলারদের শাসন করতেন অবলীলায়। সেই জয়সূর্য এখন নিজেকে খুঁজে পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের তরুণ সেনসেশন অভিষেক শর্মার (Abhishek Sharma) মধ্যে।
অভিষেক ও জয়সূর্য দুজনেই বাঁহাতি ওপেনার। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনারের মতো অভিষেকও প্রথম বল থেকেই আক্রমণ করতে সিদ্ধহস্ত। টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার বর্তমানে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে সকলের মুখে মুখে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে অভিষেক আবারও তাঁর বিস্ফোরক ফর্ম প্রদর্শন করে অর্ধশতক করেন। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ৩১ বলে ৬১ রান করেন আটটি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে। শেষপর্যন্ত সুপার ওভারে ভারত ম্যাচটি জিতে নেয়।
শ্রীলঙ্কার কোচ জয়সূর্য ভারতীয় ব্যাটারের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর এবং অভিষেকের ব্যাটিংয়ের মধ্যে কোনও মিল আছে কি না। শ্রীলঙ্কার কোচ বলেন, "অভিষেক ওর স্বাভাবিক খেলা খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাকে তা করার স্বাধীনতা দিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন কেউ তার স্বাভাবিক খেলা খেলে, তখন আমাদের তাকে তা করতে উৎসাহিত করা উচিত।"
জয়সূর্যও তাঁর সময়ে এইভাবে ব্যাট করতেন এবং বোলারদের জন্য সমস্যা তৈরি করতেন। শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, "যখনই সে ধীর ইনিংস খেলতে চায়, সে জানে কী করতে হবে। যদি সে পাওয়ার প্লের ছয় ওভারের পরেও দীর্ঘ সময় ধরে ব্যাট করতে চায়, তাহলে সে তা করতে পারে। সে ধারাবাহিকভাবে রান করছে এবং দুর্দান্ত ব্যাটিং করছে।"
গ্রুপ পর্বে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। সুপার ফোরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তিনি টানা তিনটি হাফ সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিপক্ষে তিনি ৭৪ রান করেন। এরপর বাংলাদেশের বিপক্ষে তিনি করেন ৭৬ রান। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি একটি হাফ সেঞ্চুরি করেন। তিনবারই অভিষেক সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা অর্জন করতে পারেননি।