ভারতের বিপক্ষে গ্রুপ পর্ব এবং সুপার-৪ উভয় ম্যাচেই হেরে যাওয়ার পর, পিসিবি প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল।

বাবর আজম
শেষ আপডেট: 27 September 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের গ্রুপ পর্বে ও সুপার ফোরে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে (Asia Cup final) ফের মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে ফাইনালের আগে পাকিস্তান যতই বড় বড় কথা বলুক না কেন, তারা যে যথেষ্ট চাপে রয়েছে, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
পাকিস্তান ফাইনালে উঠলেও তাদের ব্যাটিংকে যথেষ্ট ভঙ্গুর দেখাচ্ছে। ভারতের বিরুদ্ধে তো বটেই, বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। আর ফাইনালের আগে পাক ক্রিকেট বোর্ড এমন একটি পথে হাঁটতে গিয়েছিল যা তাদের দুর্দশা তো বাড়িয়েছেই, সেই সঙ্গে লজ্জাতেও ফেলে দিয়েছে।
দলের ব্যাটিং শক্তিশালী করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফাইনালের আগে একটি বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের বিপক্ষে গ্রুপ পর্ব এবং সুপার-৪ উভয় ম্যাচেই হেরে যাওয়ার পর, পিসিবি প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল (Pakistan trying to include Babar Azam)। তবে, টুর্নামেন্ট আয়োজকরা পত্রপাঠ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ক্রিকেট পাকিস্তানের একটি প্রতিবেদন অনুসারে, পিসিবি বাবর আজমকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানোর এবং তাঁকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আয়োজকরা বোর্ডকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এটি আর সম্ভব নয়। প্রতিবেদন অনুসারে, আয়োজকরা পিসিবিকে বলেছিল, "বর্তমান দলের কোনও খেলোয়াড় আহত হলেই কেবল একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।" এই নিয়মের কারণে, আপাতত এশিয়া কাপে বাবর আজমের ফেরা সম্ভব হয়নি।
রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমান অধিনায়ক সলমন আলি আঘার উপর চাপ বেড়েছে। রিপোর্টের সূত্র থেকে জানা গিয়েছে, বাবর আজমের টি-টোয়েন্টিতে ফিরে আসার সম্ভাবনা প্রবল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে দলে নির্বাচিত করা হতে পারে। ব্যাট হাতে ব্যর্থ সলমন আঘার ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্যান্সের উপর।
শোয়েব আখতার থেকে মিসবাহ-উল-হক, শোয়েব মালিক এবং ওয়াসিম আক্রম আঘার সমালোচনা করেছেন। আখতার এমনকি বলেছেন যে, পাক অধিনায়ক এই দলের সবচেয়ে দুর্বলতম অংশ। পাকিস্তানের ব্যাটিং ক্রমাগত ব্যর্থ হচ্ছে, যার কারণে একজন সিনিয়র ব্যাটারের অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত লাল বলের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য বাবর আজমকে ডাকা হয়েছে। ক্যাম্পটি মঙ্গলবার থেকে শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পিসিবি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "খেলোয়াড়দের তাঁদের দক্ষতা নিয়ে কাজ করতে, তাঁদের ফিটনেস মূল্যায়ন করতে এবং আসন্ন আন্তর্জাতিক মরশুমের জন্য প্রস্তুতি নিতে সক্ষম করার জন্য এই ক্যাম্পটি তৈরি করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা হানিফ মহম্মদ ট্রফিতে অংশগ্রহণ করছেন না। ২০ দিনের এই ক্যাম্পে খেলোয়াড়রা এনসিএতে প্রশিক্ষণ নেবেন এবং পরিস্থিতি-ভিত্তিক ম্যাচেও অংশগ্রহণ করবেন।" বাবর আজম ছাড়াও আবদুল্লাহ শফিক, আলি রাজা, আজান আওয়াইস, কামরান গোলাম এবং অন্যান্য খেলোয়াড়রা এই ক্যাম্পে অন্তর্ভুক্ত রয়েছেন।