‘দ্য গার্ডিয়ানে’র তাহা হাশিম প্রশ্ন তুলেছেন: আগের বার গ্রেগ বার্কলে চেয়ারম্যান ছিলেন, ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। কই, তখন তো তিনি এমন খাতিরদারি পাননি!

জয় শাহ
শেষ আপডেট: 18 June 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: ভিডিও শুরু হল।
আর শুরুতেই ফোকাসে লর্ডসের ঐতিহাসিক কাঠের ব্যালকনি। এরপরই স্লো-মো শটে দেখা দিলেন তিনি। এ দেখা স্রেফ এসে চলে যাওয়া নয়। সাক্ষাৎ আবির্ভাব! ফ্রেমে ঢুকলেন নায়কোচিত মেজাজে। ক্রিকেটের মক্কায় রাজকীয় কায়দায় এন্ট্রি নিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। কয়েক পাক চক্কর কাটলেন। তারপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসনের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হলেন!
পরের ফ্রেম। কী ভাবছেন? ফাইনালের নায়ক এডেন মার্করামের বিজয়গর্বী হাসি কিংবা পরাজিত অজি অধিনায়ক প্যাট কামিন্সের নতমুখ নজরে আসবে?
ভুল ভাবছেন। এই ফ্রেমজুড়েও তিনি। ফের জয় শাহের তেরছা চাহনি। তারপরের শটে দু’দলের বিজয়ী ও বিজিত ক্রিকেটাররা এলেন বটে। কিন্তু ফোকাসে তাঁর ব্যাপ্ত, চওড়া মুখ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দক্ষিণ আফ্রিকা। গড়ল ইতিহাস। দীর্ঘ ২৭ বছরের আগল ভেঙে আইসিসি ট্রফি ঘরে আনলেন টেম্বা বাভুমারা। চারদিন ধরে যেন গ্রিক নাট্য মঞ্চস্থ হল লর্ডসের ময়দানে। শুরুতে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। মধ্যে লড়াই পঞ্চাশ-পঞ্চাশ। শেষে দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানো। বাজিমাতের নায়ক মার্করাম।
গোটা লড়াইয়ের কোলাজ বানাতে গিয়ে অনেক স্মরণীয় মুহূর্তই উপাদান হতে পারত। হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণা সামলে বাভুমার অধিনায়কোচিত ইনিংস, মিচেল স্টার্কের বিধ্বংসী স্পেল, লুঙ্গি এনগিডির বোমারু ইনসুইং… কিন্তু আইসিসির অফিশিয়াল পেজ যে ৪৫ সেকেন্ডের ক্লিপ রিলিজ করেছে, সেখানে পুরোটা জুড়েই জয় শাহের হাজিরা। ২৩খানা শটের ১১টিতেই তিনি। যেন এই ভিডিও আইসিসি চেয়ারম্যানের ব্যক্তিগত উদযাপন, দক্ষিণ আফ্রিকার সাফল্য, উল্লাস তুশ্চু!
গোটা ঘটনাকে একহাত নিয়েছে ইংল্যান্ডের সমাজমাধ্যম। ‘দ্য গার্ডিয়ানে’র তাহা হাশিম প্রশ্ন তুলেছেন: আগের বার গ্রেগ বার্কলে চেয়ারম্যান ছিলেন, ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। কই, তখন তো তিনি এমন খাতিরদারি পাননি! সাংবাদিক ররি ডোলার্ড আরেক ধাপ এগিয়ে ফোড়ন কেটে বলেছেন, ‘যদি আপনি ভুল সময়ে চোখের পাতা বন্ধ করেন, প্যাট কামিন্সের একমাত্র শট মিস করে যেতে পারেন।‘
A fantastic #WTC25 Final at Lord's with the @proteasmencsa lifting the mace on day four after defeating the defending champions @CricketAus pic.twitter.com/sMlDXIhIVe
— ICC (@ICC) June 17, 2025
ক’দিন আগে আমদাবাদের বিপর্যয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধ্বংস বিমানের একাংশ মেডিক্যাল কলেজের হোস্টেলের রেলিং ফুঁড়ে বেরিয়ে আছে আর ঊর্ধপানে চেয়ে রয়েছেন তিনি… এই ছবি নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। এবার বিতর্কের কেন্দ্রে অমিত শাহের পুত্র জয় শাহ।
এই দুই ঘটনায় অনেকেই অনেক যোগসূত্র খুঁজতে পারেন, দাঁড় করাতে পারেন ‘নার্সিসিজম’ সংক্রান্ত একগুচ্ছ তত্ত্ব। যদিও তাতে কারও খুব একটা আসবে-যাবে কি?