কটকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭৪ রানে গুটিয়ে ১০১ রানের বিশাল জয়ে সিরিজে এগোলো ভারত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 9 December 2025 22:27
দ্য ওয়াল ব্যুরো: কটকের বারাবাতি স্টেডিয়ামে একই দিনে দুই চিত্র—চোট সারিয়ে শুভমন গিল ও হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন। তবে প্রত্যাবর্তনের ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল বেশি শুভমনের দিকেই। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হয়েও টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের ভূমিকায় থাকা শুভমন এবারও হতাশ করলেন। অন্যদিকে নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গেলেও ব্যাট হাতে ঝড় তুললেন হার্দিক।
ভারতের ১৭৫ রানে ৬ উইকেটের সংগ্রহে একাই লড়াই করলেন হার্দিক পাণ্ড্য। ২৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মেরেই দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান তিনি। অক্ষর পটেলের ২১ বলে ২৩ এবং শিবম দুবের ৯ বলে ১১ রানের ছোট্ট ইনিংস সাহায্য করলেও ২০০-র কাছাকাছি যাওয়া হয়নি ব্যাটারদের ব্যর্থতার কারণে। শুভমন টিকলেন মাত্র ২ বল, করলেন ৪ রান। অভিষেক শর্মা (১২ বলে ১৭) এবং সূর্যকুমার যাদব (১১ বলে ১২) ভাল শুরু করেও আউট হন। এ বছর টি-টোয়েন্টিতে অধিনায়ক সূর্যকুমারের ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছেই। তিলক বর্মা-ও নিজের ছন্দ খুঁজে পেলেন না, ৩২ বলে ২৬ রান করে ফেরেন।
ধারাবাহিকভাবে উইকেট পড়ায় বড় জুটি গড়ে ওঠেনি। ফলে ব্যাটিংয়ের দায়ভার সিংহভাগই নিতে হয়েছে হার্দিককে। ম্যাচের আগে তাঁর চোট নিয়ে জল্পনা ছিলই—সৈয়দ মোস্তাক আলিতে সব ম্যাচ খেলতে না পারা, অনুশীলনে দু’দিন আগে বল করে উঠে যাওয়া সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছিল ফিটনেসে। তবে ম্যাচেই প্রমাণ করলেন, তিনি তৈরি। শুধু ব্যাট নয়, বল হাতেও প্রথম বলেই তুলে নিলেন ডেভিড মিলারের (১) গুরুত্বপূর্ণ উইকেট।
১৭৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামলেন ভারতের বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই অর্শদীপ সিংয়ের বলে ডি কক (০) আউট। নিজের দ্বিতীয় ওভারে তিনি ফেরান ট্রিস্টান স্টাবসকে (১৪)। অক্ষর পটেল প্রথম ওভারেই তুলে নেন অধিনায়ক এডেন মার্করামের (১৪) উইকেট। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। সেই চাপে ভেঙে পড়েন মিলার (১) এবং ডোনোভান ফেরেইরা (৫)-ও।
৫০ রানে ৫ উইকেট পড়ে গেলে ম্যাচের ফলাফল কার্যত ঠিক হয়ে যায়। এরপর জানসেন (১২), ব্রেভিস (২২), কেশব মহারাজ (০), অনরিখ নোখিয়া (১) ও লুথো সিমপালারা (২) কেউই ভারতের বোলিং তাণ্ডব সামলাতে পারেননি। মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০১ রানের বিশাল জয় নিয়ে সিরিজে এগিয়ে ভারত। একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির প্রথম পরীক্ষায় সফল সূর্যকুমারের দল। তবে অধিনায়কের নিজের ব্যাটের ফর্ম নিয়ে উদ্বেগ থেকেই গেল।