ভারতীয় ক্রিকেটে মোদ্দা গল্প সবসময়ই নেতৃত্বকে ঘিরে। এবারও ব্যতিক্রম নয়। সামনে দাঁড়িয়ে শ্রেয়স আইয়ার, শুভমান গিল। যাঁদের হাতে অধিনায়কত্ব আধাআধি ভাগ হয়ে যাবে। অন্যদিকে পড়ন্তবেলায় পা রেখেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 21 August 2025 10:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওয়ান ডে দলের অধিনায়কত্ব (ODI Captaincy) জলদি রোহিত শর্মার (Rohit Sharma) হাত থেকে সরে আসছে। তাঁর উত্তরসূরি হিসেবে খুব সম্ভবত বেছে নেওয়া হবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)।
মজার ব্যাপার, যিনি এশিয়া কাপে (Asia Cup) ১৫ জনের দলে জায়গাই পাননি, সেই শ্রেয়সকেই নির্বাচকরা একদিনের ক্রিকেটে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবছেন! মঙ্গলবার ঘোষিত দলে বাদ পড়েছেন তিনি। অন্যদিকে টিমে ফিরেছেন শুভমান গিল (Shubhman Gill)। শুধু তা-ই নয়, আসন্ন এশিয়া কাপে বিনা কৈফিয়তে অক্ষর প্যাটেলের সহ-অধিনায়ত্বের পদেও তাঁকে বসানো হয়েছে।
রোহিত শর্মার আকস্মিক অবসরের পর গিল সম্প্রতি টেস্ট দলের দায়িত্ব পান। এবার শোনা যাচ্ছে, শিগগিরই টি-টোয়েন্টিতেও পাকাপাকিভাবেই তাঁকেই দলনেতা করা হবে। অর্থাৎ, সূর্যকুমারের থেকে নেতৃত্ব গিলের হাতে চলে আসতে পারে। এশিয়া কাপ (৯–২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহি) শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘোষণা সামনে আসার প্রবল সম্ভাবনা।
পাশপাশি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন নির্বাচকরা। দু’জনের ঝুলিতে এন্তার রেকর্ড, সুবিশাল পরিসংখ্যান। মিলিতেভাবে ২৫ হাজারের বেশি রান। প্রশ্ন উঠেছে: বছর ছত্রিশের কোহলি আর আটত্রিশ বছরের রোহিত কি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারবেন?
শুধু সংখ্যায় নয়, দুই তারকার অবদানও নজরকাড়া। বিরাট খেলেছেন ৩০২ ম্যাচে ২৯০ ইনিংস। রান ১৪,১৮১। গড় ৫৭.৮৮। সেঞ্চুরি ৫১। অর্ধশতক ৭৪। সেরা ইনিংস ১৮৩।
রোহিত শর্মার রেকর্ডও কম চমকপ্রদ নয়। ২৭২ ম্যাচে ১১,১৬৮ রান। গড় ৪৮.৭৬। সেঞ্চুরি ৩২। অর্ধশতক ৫৯। সর্বোচ্চ ২৬৪—যা এখনও একদিনের ক্রিকেটের সেরা ব্যক্তিগত ইনিংস।
শেষবার দু’জনকে দেশের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত টুর্নামেন্ট জিতে নেয়। কোহলি পাঁচ ম্যাচে করেছিলেন ২১৮ রান, গড় ৫৪.৫০। পাকিস্তানের বিরুদ্ধে শতরান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে দুরন্ত ৮৪। রোহিতের শুরুটা খারাপ হলেও ফাইনালে ৭৬ রানের ইনিংস এনে দেয় ট্রফি। টুর্নামেন্টে তাঁর মোট রান ১৮০, গড় ৩৬, স্ট্রাইক রেট ১০০।
এই পরিস্থিতিতে ‘রো-কো’ জুটির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থামছে না। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজই হতে পারে তাঁদের শেষ আন্তর্জাতিক সফর। নির্বাচকরা অবশ্য পরিষ্কার জানিয়েছেন, বোর্ডের উদ্দেশ্য একটাই—রোহিতকে অধিনায়কত্বের চাপমুক্ত করা এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্বের প্রশ্নে সামনে এগিয়ে আনা।
বস্তুত, ভারতীয় ক্রিকেটে মোদ্দা গল্প সবসময়ই নেতৃত্বকে ঘিরে। এবারও ব্যতিক্রম নয়। সামনে দাঁড়িয়ে শ্রেয়স আইয়ার, শুভমান গিল। যাঁদের হাতে অধিনায়কত্ব আধাআধি ভাগ হয়ে যাবে। অন্যদিকে পড়ন্তবেলায় পা রেখেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যাঁরা মাথা উঁচু করে অবসর গ্রহণের উপযুক্ত মঞ্চ খুঁজে চলেছেন।
নতুন অধ্যায় লেখার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।