নজর গুয়াহাটিতে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে। সিরিজে ফিরে আসতে হলে ওই ম্যাচে জিততেই হবে ভারতকে। তবে অধিনায়ককে পাওয়া যাবে কি না—সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
.jpeg.webp)
শুভমান গিল
শেষ আপডেট: 17 November 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) অবশেষে ছুটি দেওয়া হয়েছে। রবিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি ফিরেছেন টিম হোটেলে। আপাতত অবস্থার উন্নতি হলেও পরের টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
বোর্ডের মেডিক্যাল ইউনিট জানিয়েছে, শুভমানের ঘাড়ে ব্যথা আগের তুলনায় কমেছে। ঘাড় নড়াচড়া করা ও হাঁটাচলা—দুটোই স্বাভাবিক। তবু সতর্কতা হিসেবে তাঁকে হোটেলে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আগামী কয়েক দিনে বিশ্রাম ও চিকিৎসায় কীভাবে সাড়া দেন, তার উপর নির্ভর করবে গুয়াহাটি টেস্টে (Guwahati Test) তাঁকে পাওয়া যাবে কি না।
শনিবার ইডেনের ঘটনাটা ছিল উদ্বেগজনক। দ্বিতীয় দিনের শেষ সেশনে ড্রিঙ্কস ব্রেক থেকে ফেরার পর সাইমন হার্মারের (Simon Harmer) প্রথম বল ঠেকিয়েছিলেন শুভমান। পরের বলে স্লগ–সুইপে চার মারতেই দেখা যায়, শটের পর জোরে ঘাড় ঝাঁকুনি খেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঘাড়ের পিছন ধরে ফেলেন। ব্যথায় মুখ কুঁচকে যায়। ফিজিও দৌড়ে এলে মাত্র তিন বল খেলে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। রাতে সাবধানতা হিসেবে সার্ভাইক্যাল কলার পরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার সকালে হাসপাতালেই শুভমানকে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় ১৫ মিনিট কথা বলেন মেডিক্যাল টিমের সঙ্গে। পরে জানান, টিম ইন্ডিয়ার অধিনায়কের অবস্থা আগের চেয়ে ভালো এবং শারীরিক পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।
যদিও ইডেন ম্যাচে তাঁর অনুপস্থিতির খেসারত দিতে হল ভারতকে। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল ৯৩ রানে অলআউট—ঘরের মাঠে ব্যর্থ রানচেজের তালিকায় নীচের দিক দিয়ে দু’নম্বরে। শেষ ইনিংসে অধিনায়ককে না পাওয়ায় ব্যাটিং অর্ডারে স্পষ্টভাবে চাপ তৈরি হয়। দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জিতে নেয় প্রথম টেস্ট, সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এখন নজর গুয়াহাটিতে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে। সিরিজে ফিরে আসতে হলে ওই ম্যাচে জিততেই হবে ভারতকে। তবে অধিনায়ককে পাওয়া যাবে কি না—সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মেডিক্যাল টিমের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বোর্ড পাকা সিদ্ধান্ত নিতে নারাজ। সব মিলিয়ে, শুভমানের সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরাই এখন ভারতীয় শিবিরের অগ্রাধিকারের বিষয়।