বাস্তবিকই যদি শুভমান গিল ইয়ো-ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন, তাহলে তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হবে এবং যদি তিনি সেখানেও ব্যর্থ হন, তাহলে বিসিসিআইকে তাঁর পরিবর্তে অন্য কাউকে বেছে নিতে হবে।

শুভমান গিল
শেষ আপডেট: 31 August 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: ভাইরাল ফিভারের জন্য দলীপ ট্রফি খেলতে পারেননি। এদিকে সামনেই রয়েছে এশিয়া কাপ। তাই আশঙ্কার চোরস্রোত তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ককে নিয়ে। প্রশ্ন উঠেছিল, তিনি কি এশিয়া কাপে খেলতে পারবেন? অবশ্য রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, এমন কিছু নয়, দ্রুত সুস্থ হয়ে উঠবেন গিল (Shubman Gill)।
এদিকে, বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সেন্টার অব এক্সিলেন্সে (COE) ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হয়েছিল রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, শুভমান গিল-সহ ২০২৫ সালের এশিয়া কাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের। ৩০ অগস্ট বিসিসিআইয়ের (BCCI) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সেন্ট্রাল অব এক্সিলেন্সে তাঁদের ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। এতে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, টেস্ট অধিনায়ক শুভমান গিল, গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর-সহ অনেক সিনিয়র খেলোয়াড় যোগ দেন। বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেস্ট অধিনায়ক শুভমান গিল ইয়ো-ইয়ো পরীক্ষায় ব্যর্থ হয়েছেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, শুভমান গিল প্রথম প্রচেষ্টায় ইয়ো-ইয়ো পরীক্ষায় (Yo-Yo Test) উত্তীর্ণ হতে পারেননি। তবে, শুভমানের ইয়ো-ইয়ো পরীক্ষা সম্পর্কে বিসিসিআই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। শুভমান গিলের তরফ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাস্তবিকই যদি শুভমান গিল ইয়ো-ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন, তাহলে তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হবে এবং যদি তিনি সেখানেও ব্যর্থ হন, তাহলে বিসিসিআইকে তাঁর পরিবর্তে অন্য কাউকে বেছে নিতে হবে।