সূর্যকুমারই টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন। শুধু তাই নয়, নির্বাচকেরা বর্তমান ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপরই ভরসা রাখায় গিলের দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে!

শুভমান ও শ্রেয়স
শেষ আপডেট: 15 August 2025 10:38
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলকে (Shubhman Gill) ঘিরে টি-২০ ক্রিকেটে নেতৃত্বের যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত বিশ বাঁও জলে। আসন্ন এশিয়া কাপে (Asia Cup) ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) রাখা হচ্ছে—এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া-র একটি প্রতিবেদন। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ অগস্ট মুম্বইয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করবেন। তার আগে রয়েছে নির্বাচনী কমিটির বৈঠক। যেখানে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও উপস্থিত থাকার কথা। জার্মানিতে হার্নিয়া অপারেশনের পর তিনি এখন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলনে ফিরে ইতিমধ্যেই নেটে ব্যাটিং প্রস্তুতিও শুরু করেছেন।
বস্তুত, ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পরই গিলকে ঘিরে নেতৃত্বের দাবি জোরালো হয়। ভারতের অনভিজ্ঞ টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই তিনি পাঁচ ম্যাচের সিরিজের গোড়ায় পিছিয়ে পড়েও দলকে ২-২ সমতায় ফেরান। ১০ ইনিংসে করেন রেকর্ড ৭৫৪ রান। অনেক বিশেষজ্ঞ তাই শুভমানকেই আগামী দিনে টিম ইন্ডিয়ার সমস্ত ফরম্যাটের অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন।
কিন্তু প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, বোর্ড আপাতত সেই প্রস্তাব মানতে নারাজ। সূর্যকুমারই টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন। শুধু তাই নয়, নির্বাচকেরা বর্তমান ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপরই ভরসা রাখায় গিলের দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে!
তা ছাড়া, নির্বাচকরা টেস্ট টিমের স্থায়ী ওপেনার যশস্বী জয়সওয়ালকে আপাতত লাল বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর ব্যাটও ঝলসে উঠলেও, মুম্বইয়ের ব্যাটার সম্ভবত এশিয়া কাপের দলে থাকবেন না। চলতি বছরের আইপিএলে ফর্মে ফেরা শ্রেয়াস আয়ারকেও সম্ভবত উপেক্ষা করা হবে।