চলতি বিজয় হাজারে ট্রফিতে সরফরাজের ফর্ম নজরকাড়া। পাঁচ ইনিংসে ৩০৩ রান, গড় ৭৫.৭৫, স্ট্রাইক রেট ১৯০.৫৬। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি।
.jpeg.webp)
সরফরাজ খান
শেষ আপডেট: 8 January 2026 16:09
দ্য ওয়াল ব্যুরো: বিজয় হাজারে ট্রফিতে নতুন রেকর্ড। মুম্বইয়ের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মাত্র ১৫ বলে ৫০ পূর্ণ করে ভেঙে দিলেন পাঁচ বছরের পুরনো নজির।
১৫ বলে দুরন্ত ৫০
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের ইনিংসের অষ্টম ওভারে ব্যাট করতে নামেন সরফরাজ। তখন স্কোর ৫৭/১। ক্রিজে পা দিয়েই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। প্রথম ওভারে সামনে অভিষেক শর্মা (Abhishek Sharma)। হাঁকালেন ৩০ রান। এরপর আর দেরি নয়—মাত্র ১৫ বলে পৌঁছে যান হাফ সেঞ্চুরিতে।
আগে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল অতীত শেঠের (Atit Sheth)। ২০২০–২১ মরশুমে বরোদার হয়ে ছত্তীসগড়ের বিরুদ্ধে তিনি ১৬ বলে ৫০ করেন। সরফরাজ সেই নজির ভাঙলেন এক বল কম খেলে।
২০ বলে ৬২, তবু ইনিংস ছোটই রইল
সরফরাজের ইনিংস থামে ২০ বলে ৬২ রানে। ব্যাট থেকে আসে ৭টি চার ও ৫টি ছয়। পাশাপাশি মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) করেন ৩৪ বলে ৪৫ রান। ইনিংস সাজানো ৪টি চার ও ২টি ছয়ে। এই ম্যাচে মুম্বইয়ের ইনিংস বড় হতে পারত, কিন্তু শেষের ধস সব ওলটপালট করে দেয়। ২১৭ রান তাড়া করতে নেমে শ্রেয়স বাহিনী থমকায় ২১৫ রানে, ২৬.২ ওভারে। মাত্র ১৪ রানে পড়ে শেষ ৫ উইকেট!
ফর্মে সরফরাজ, তবু হার এড়ানো গেল না
চলতি বিজয় হাজারে ট্রফিতে সরফরাজের ফর্ম নজরকাড়া। পাঁচ ইনিংসে ৩০৩ রান, গড় ৭৫.৭৫, স্ট্রাইক রেট ১৯০.৫৬। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। এর আগে গোয়ার বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরি করে ৭৫ বলে ১৫৭ রান করেছিলেন তিনি। তবে এই ম্যাচে পাঞ্জাবের বোলাররা শেষ হাসি হাসেন। গুরনূর ব্রার (Gurnoor Brar) নেন ৪/৫৭, মায়াঙ্ক মারকান্ডে (Mayank Markande) ৪/৩১। ফলে সরফরাজের রেকর্ড ইনিংস সত্ত্বেও জয় অধরাই রইল মুম্বইয়ের।