আলোচনা অবশ্য একটাই—এবার কি নিউজিল্যান্ড, যারা বরাবর নক আউটে ভারতের ঘুম উড়িয়েছে, তাদের বিরুদ্ধে হিসেব বদলাতে পারবেন অভিষেক-হার্দিক-বুমরাহরা?
.jpeg.webp)
সূর্যকুমার ও স্যান্টনার
শেষ আপডেট: 8 March 2026 11:40
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ ফাইনালের আগে কথার লড়াই শুরু। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) খানিক হালকা চালেই জানান, ভারতকে ২৫০ নয়, ২২০ রানে আটকে রাখতে পারলে ম্যাচে টিকে থাকা সম্ভব! সেই মন্তব্যের জবাবে সরাসরি খোঁচা দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ মুখোমুখি ভারত (India cricket team) ও নিউজিল্যান্ড (New Zealand cricket team)। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কিউয়ি দলনেতা বলেন, ‘পিচ যদি ব্যাটিং সহায়ক হয়, তাহলে ভারতের রান ২৫০ নয়, ২২০-এর মধ্যে আটকে রাখাই মূল লক্ষ্য!’ পরে সূর্য বৈঠকে এলে যখন এই মন্তব্যের কথা তুলে ধরা হয়, তখন তাঁর প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত, কিন্তু তীক্ষ্ম। সূর্যকুমারের মন্তব্য, ‘ঝুঠ বল রহা হ্যায়!’ অর্থাৎ, মিথ্যে বলছেন স্যান্টনার। তারপর ব্যাখ্যার সুরে জানান, রান কত হবে তা আগে থেকে ঠিক করা যায় না। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, ‘আমরা ভালো ব্যাট করতে চাই। ২২৫ হোক বা ২৫০, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। পিচ যেমন হবে, সেই অনুযায়ী খেলতে হবে। ড্রেসিংরুমে বসে আমরা আগে থেকে রান ঠিক করি না।’
ফাইনালের আগে চাপের প্রসঙ্গও তুলেছিলেন স্যান্টনার। তাঁর মতে, ঘরের মাঠে খেলায় ভারতের উপর চাপ বেশি থাকবে। দর্শকদের চুপ করানোই তাঁদের লক্ষ্য। বলেন, ‘এটাই আমাদের টার্গেট—দর্শকদের স্তব্ধ করে দেওয়া। তবে ক্রিকেট অনিশ্চয়তায় ভরা। ঘরের মাঠে খেলায় ভারতের উপর চাপ থাকবেই।’
এই মন্তব্যের জবাবেও খোঁচা দেন সূর্যকুমার। তাঁর মতে, এমন কথা আগেও শোনা গেছে। ভারত অধিনায়ক বলেন, ‘সবাই একই কথা বলছে। এবার একটু নতুন কিছু বলুন!’
প্রসঙ্গত, অনেকের মনে করিয়ে দিয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) বক্তব্য। যিনি একই কায়দায় জানিয়েছিলেন, ভারতের দর্শকদের চুপ করাতে চান। কামিন্সের আশা অবশ্য পূরণ হয়েছিল। ফাইনালে হাউসফুল আমদাবাদের ময়দানকে নিস্তব্ধ করে কাপ জিতেছিল অজিরা।
তবে গত দু’বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। সূর্যকুমারের টিম ইন্ডিয়া এখন অন্য চেহারায়। সাম্প্রতিক সময়ে টি–২০ ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছে দল। সেমিফাইনালে ইংল্যান্ডের (England cricket team) বিরুদ্ধে ২৫৩ রান তুলে হাড্ডাহাড্ডি লড়াই জিতে বুক করেছে ফাইনালের টিকিট। তার আগে আলোচনা অবশ্য একটাই—এবার কি নিউজিল্যান্ড, যারা বরাবর নক আউটে ভারতের ঘুম উড়িয়েছে, তাদের বিরুদ্ধে হিসেব বদলাতে পারবেন অভিষেক-হার্দিক-বুমরাহরা?