শচীন তেন্ডুলকর নিজেও এ বিষয়ে অস্বত্বিতে পড়েছেন। নাম পরিবর্তনের বিষয়ে মাস্টার-ব্লাস্টার কথাও বলেন ইংল্যান্ড বোর্ড কর্তাদের সঙ্গে। তিনি ইসিবিকে অনুরোধ করেন, বিষয়টি পুনরায় বিবেচনার জন্য।

শচীন তেন্ডুলকর
শেষ আপডেট: 16 June 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের (India-England Test Series) নামকরণ এতদিন পর্যন্ত ছিল পতৌদি ট্রফি (Pataudi Trophy)। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের জন্য এই নামকরণ থাকলেও ভারতের সিরিজ অনুষ্ঠিত হলে তার নাম ছিল অ্যান্থনি ডি মেলো ট্রফি। কিন্তু পতৌদি ট্রফির নামকরণ বদলে সম্প্রতি করা হয় অ্যান্ডারসন-তেন্ডুলকর (Anderson-Tendulkar Trophy) ট্রফি। এর পর থেকেই আপত্তি তুলতে শুরু করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি নেটিজেনরাও তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
এদিকে ২০ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে এই দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঠিক ছিল এই সিরিজে জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। আর এই সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে যুগ্মভাবেই নিয়েছিল ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে লর্ডসেই এই ট্রফির উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু আমদাবাদের প্লেন দুর্ঘটনার কারণে যা পিছিয়ে দেওয়া হয়।
এর মধ্যেই ভারতের প্রবাদপ্রতিম ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি সাফ বলেন, অ্যান্ডারসন ও শচীনের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলা। ইফতিকার আল খান ও মনসুর আলি খান পতৌদি ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য। তাই এই নাম পরিবর্তন কখনওই মেনে নেওয়া যায় না।
গাভাসকরের পাশাপাশি অনেক ক্রিকেটারই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। আবার অনেকেই মনে করেছিলেন, জেমস অ্যান্ডারসন ও শচীন তেন্ডুলকর দুই দেশের লিজেন্ড ক্রিকেটার। তাই এই সিদ্ধান্ত একদম সঠিক।
এই আবহে এদিন ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী জানা গেল, শচীন তেন্ডুলকর নিজেও এ বিষয়ে অস্বত্বিতে পড়েছেন। নাম পরিবর্তনের বিষয়ে মাস্টার-ব্লাস্টার কথাও বলেন ইংল্যান্ড বোর্ড (ECB) কর্তাদের সঙ্গে। তিনি ইসিবিকে অনুরোধ করেন, বিষয়টি পুনরায় বিবেচনার জন্য। ভারতীয় বোর্ডের (BCCI) প্রাক্তন সচিব তথা বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছ। শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে শচীনের অনুরোধ। ইংল্যান্ড বোর্ড জানিয়েছে, এই ট্রফির সঙ্গে পতৌদি নামই যুক্ত থাকবে।