ব্যাটারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন জো রুট। এর আগে এক নম্বরে ছিলেন রুটেরই সতীর্থ হ্যারি ব্রুক। রবীন্দ্র জাদেজা পাঁচ ধাপ উঠে এখন ৩৪তম স্থানে।

জো রুট ও রবীন্দ্র জাদেজা
শেষ আপডেট: 16 July 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। পাশাপাশি লর্ডস টেস্টে ভারত হেরে গেলেও ব্যাটে ও বলে দারুণ ছিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বিশেষত ভারতের দ্বিতীয় ইনিংসে তাঁর মরণপণ লড়াই সবার প্রশংসা পেয়েছে। তাঁর ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল ভারত। এবার এই দুই ক্রিকেটারই তাঁদের অসামান্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন।
আইসিসি বুধবার সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং (ICC Test Ranking) প্রকাশ করেছে। সেখানে ব্যাটারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন জো রুট। এর আগে এক নম্বরে ছিলেন রুটেরই সতীর্থ হ্যারি ব্রুক। কিন্তু লর্ডস টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তিনি শীর্ষ থেকে নেমে তৃতীয় স্থানে চলে গিয়েছেন। পাশাপাশি লর্ডস টেস্টে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করার পর রবীন্দ্র জাদেজা পাঁচ ধাপ উঠে এখন ৩৪তম স্থানে। সেই সঙ্গে জাদেজা তাঁর কেরিয়ারের সেরা টেস্ট রেটিং অর্জন করেছেন।
লর্ডসে ব্রুকের ব্যর্থতার সুফল পেয়েছেন কেন উইলিয়ামসনও। তিনি দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। কিউয়ি অধিনায়ক এখন রুটের থেকে মাত্র ২১ পয়েন্ট পিছিয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোলাপী বলের টেস্ট ম্যাচে সাবিনা পার্কের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ৪৮ রান করার পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।
লর্ডসে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল উভয় ইনিংসেই প্রভাব ফেলতে ব্যর্থ হন। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি পঞ্চম স্থানে নেমে গিয়েছেন। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থকেও গত ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার খেসারত বহন করতে হয়েছে। গিল তিন ধাপ পিছিয়ে নবম স্থানে রয়েছেন, আর পন্থ রয়েছেন অষ্টম স্থানে। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পন্থ ৭২ রান করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাঁর রেটিং কমেছে।
রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফর্ম করে লর্ডস টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতক করেছেন। তিনি পাঁচ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে পৌঁছেছেন এবং বর্তমান ইংল্যান্ড সফরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কেরিয়ার সেরা ৬০৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। কেএল রাহুল পাঁচ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন।