গত মাসে, যখন ক্রিকেট দুনিয়া ভারত–পাকিস্তান এশিয়া কাপ বিতর্কে মত্ত, তখন বেঙ্গালুরুতে রোহিত বিলকুল অন্য জগতে—একজন নিখুঁত পেশাদার হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত।

রোহিত শর্মা
শেষ আপডেট: 7 October 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়কত্ব হারিয়েছেন, কিন্তু পরাজয় মানেননি। নতুন যুগ শুরু হলেও রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন—তাঁর অধ্যায় এখনও ফুরনোর নয়। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। তার জন্য নিজেকে প্রস্তুত করতে বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে (Centre of Excellence, CoE) টানা সাত দিন কাটিয়েছেন তিনি। একাগ্র সাধনা, নিখুঁত প্রস্তুতি আর একটাই লক্ষ্য—অস্ট্রেলিয়ার মাটিতে (Australia Tour 2025) আরও একবার নিজেকে প্রমাণ করা।
গত মাসে, যখন ক্রিকেট দুনিয়া ভারত–পাকিস্তান এশিয়া কাপ বিতর্কে মত্ত, তখন বেঙ্গালুরুতে রোহিত বিলকুল অন্য জগতে—একজন নিখুঁত পেশাদার হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত। ‘রেভস্পোর্টজ’-এর (RevSportz) রিপোর্ট বলছে, বাউন্সি অস্ট্রেলীয় উইকেটে টিকে থাকতে কীভাবে শরীর ও টেকনিককে মানিয়ে নেওয়া যায়, সেই নিয়েই চলেছে তাঁর ‘বিশেষ’ অনুশীলন।
রিপোর্টে লেখা, ‘রোহিত প্রতিদিন দু’ঘণ্টা করে ব্যাটিং অনুশীলন করতেন দীর্ঘদেহী ফাস্ট বোলারদের বিরুদ্ধে। নিজেই এমন পেসারদের বেছে নেন। কখনও কখনও তিনি ডবল সেশন চাইতেন—সময় শেষ হয়ে গেলেও প্র্যাকটিস চলত। সঙ্গে ছিল হালকা জিম সেশনও।’ মোট দশজন বোলার ও কয়েকজন থ্রোডাউন স্পেশালিস্টকে তাঁর অনুশীলনে নিযুক্ত করা হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর মার্চ মাসে শেষবার ভারতের (India) জার্সি গায়ে খেলেছিলেন রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli)। দু’জনেই এখন ফিরছেন অস্ট্রেলিয়া সফরে। তবে অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল (Shubman Gill)। নেতৃত্বের বদল নিয়ে যত বিতর্কই হোক, রোহিতের পাখির চোখ বেঞ্চ থেকে নয়, মাঠে নেমে নিজের উপস্থিতি প্রমাণ করা। তাই হয়তো অধিনায়কত্ব হারানোর পরেও প্রস্তুতিতে এতখানি তৎপর।
১৯ অক্টোবর পার্থে (Perth) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর অ্যাডিলেড (Adelaide) ও সিডনিতে (Sydney) পরের দুই লড়াই। অস্ট্রেলিয়ার মাটিতে দেখা দেবেন পুরনো ছন্দে? সাত দিনের ঘাম-ভেজা সেশন, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে একাগ্র অনুশীলন হয়তো রোহিতকে খালি হাতে ফেরাবে না।