রোহিত অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে দলের ভেতরের সূত্র বলছে, তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিনা তিক্ততায়।

রোহিত ও আগরকর
শেষ আপডেট: 6 October 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে! নতুন যুগের সূচনা নিঃশব্দেই সেরে ফেলে বিসিসিআই (BCCI)। ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। এখন জানা যাচ্ছে, এই খবর রোহিতের কাছে নতুন নয়—তিনি নাকি অনেক আগেই জেনে গিয়েছিলেন ‘অপসারণে’র কথা!
‘দ্য টেলিগ্রাফ’-এর রিপোর্ট অনুযায়ী, বোর্ড এবং নির্বাচকরা (Selectors) বেশ কিছুদিন ধরেই ২০২৭ বিশ্বকাপের (World Cup 2027) লক্ষ্যে নেতৃত্বেবদলের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সাংবাদিক সম্মেলনে যখন শুভমান গিলের নাম ঘোষণা করেন, তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়—রোহিতের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? উত্তরে আগরকর বলেন, ‘ওটা আমাদের মধ্যে কথোপকথন। তবে হ্যাঁ, ওকে আগেই জানানো হয়েছিল।’ঠিক কবে, কীভাবে বা কোন প্রেক্ষিতে সংবাদ পান রোহিত? আগরকর যদিও মুখে কুলুপ আঁটেন।
প্রধান নির্বাচক অবশ্য স্বীকার করেছেন, রোহিতকে সরানোর সিদ্ধান্ত সহজ ছিল না। বলেছেন, ‘ওর অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত। ৫৬টি ম্যাচে ৪২ জয়—ছোট কথা নয়। ভারতকে দুই আইসিসি টুর্নামেন্টে ফাইনালে তুলেছে, জিতিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়েছে। ২০২৭ বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে যথেষ্ট সময় দিতে হবে।’
বোর্ড সূত্রে আরও জানা গেছে, এই সাহসী পদক্ষেপের পেছনে একটা বড় ভূমিকা নিয়েছে সাম্প্রতিক এশিয়া কাপের (Asia Cup 2025) পারফরম্যান্স। বিশেষ করে শুভমান গিলের ব্যাটিং ও ম্যাচ-রিডিং ক্ষমতা নাকি আগরকরকে নিশ্চিত করেছে—নেতৃত্বের পরবর্তী উত্তরসূরি তৈরি! ওই টুর্নামেন্টেই গিলের ম্যাচের পরিস্থিতি বোঝার দক্ষতা, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এবং নেতৃত্বগুণ নাকি নির্বাচকমণ্ডলীর চোখে পড়ে। সেখান থেকেই শুরু নতুন ভাবনা—রোহিতের নেতৃত্বে আর নয়, এবার শুভমানের হাতে দায়িত্ব।
রোহিত অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে দলের ভেতরের সূত্র বলছে, তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিনা তিক্ততায়। কারণ, নিজের অবস্থান সম্পর্কে আগেভাগেই অবগত ছিলেন। বোর্ডও তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই কথোপকথন চালিয়েছে ব্যক্তিগতভাবে, প্রকাশ্যে নয়।
এখন সবচেয়ে বড় নজর থাকবে অক্টোবরের অস্ট্রেলিয়া সফরে (Australia Tour)। সেই তিন ম্যাচের সিরিজই হবে শুভমান গিলের প্রথম নেতৃত্বের পরীক্ষা। অন্যদিকে, রোহিত–বিরাট (Virat Kohli) থাকবেন দলে, কিন্তু ‘অধিনায়ক’ নয়—‘অভিজ্ঞ ক্রিকেটার’ হিসেবে।