মঙ্গলবার থেকে প্রিয় বন্ধু ও কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মা প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন।

রোহিত শর্মা ও অভিষেক নায়ার
শেষ আপডেট: 13 August 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেও আন্তর্জাতিক ওডিআই থেকে অবসর (ODI Retirement) নেননি রোহিত শর্মা (Rohit Sharma)। কাগজে-কলমে তিনি এখনও টিম ইন্ডিয়ার একদিনের দলের অধিনায়ক। অধিনায়ক রোহিতের ক্যাবিনেটে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে রোহিতের নেতৃত্বে ভারত ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তাই অনেকে মনে করছেন, ২০২৭ ওডিআই বিশ্বকাপ জিতেই পুরোপুরি অবসর বৃত্তে প্রবেশ করবেন হিটম্যান।
কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি আদৌ সম্ভব? কারণ রোহিতের বয়স এখন ৩৮। আগামী বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪০ হয়ে যাবে। সে সময় তাঁর ফিটনেস কেমন থাকবে, নির্বাচকদেরই বা তাঁকে নিয়ে কী মনোভাব, অনেক কিছু নির্ভর করছে রোহিতের বিশ্বকাপ খেলা নিয়ে।
এদিকে সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ। বিশেষজ্ঞদের মতে সেটাই হয়তো হতে চলেছে টিম ইন্ডিয়া জার্সিতে রোহিতের শেষ সিরিজ। তবে আসন্ন সিরিজের জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন ভারতের এই ওপেনার। মঙ্গলবার থেকে প্রিয় বন্ধু ও কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) সঙ্গে রোহিত শর্মা প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। একসঙ্গে তাঁদের দেখা গিয়েছে জিমে (Gym)।
আইপিএলের পরে রোহিত কয়েক মাসের জন্য খেলা থেকে বিরতি নিয়ে ইংল্যান্ডে পারিবারিক ছুটি কাটাতে গিয়েছিলেন। গত সপ্তাহে তিনি দেশে ফিরেছেন। রোহিতের প্রশিক্ষণ সঙ্গী অভিষেক ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে কোচিং করানোর পাশাপাশি জাতীয় দলের সাপোর্ট স্টাফও ছিলেন। নায়ার দীনেশ কার্তিক, কেএল রাহুল, রিঙ্কু সিং এবং কেকেআরের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীর মতো ক্রিকেটারদের সঙ্গেও কাজ করেছেন তিনি। টেকনিক ও ফিটনেস বিশেষজ্ঞ হিসাবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। সম্প্রতি ভারেতর ইংল্যান্ড সফরের আগে তিনি কাজ করেছিলেন কেএল রাহুলের সঙ্গেও।
এদিকে, বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য রোহিতকে দেখছেন না। শুধু রোহিতই নন, বিরাট কোহলিও তাঁদের তালিকায় নেই।