Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিমন্যু সুযোগ পাবেন, আশ্বাস সৌরভের! কত নম্বর পজিশনে? দিলেন তারও জবাব

অভিমন্যু ঈশ্বরন আজ পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৮৪১ রান করেছেন, গড় ৪৮.৭০। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সকেই জাতীয় দলে কাজে লাগানো উচিত বলেই মনে করছেন সৌরভ এবং বাংলার ক্রিকেট মহলের বড় অংশ। 

অভিমন্যু সুযোগ পাবেন, আশ্বাস সৌরভের! কত নম্বর পজিশনে? দিলেন তারও জবাব

ফাইল চিত্র

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 August 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: তিনি ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন। রান তুলেছেন, ঈর্ষণীয় গড়-সমেত। আঞ্চলিক টিমকে নেতৃত্বও দিয়েছেন দলীপ ট্রফি কিংবা রঞ্জিতে। তবু টিম ইন্ডিয়ায় ডাক পাওয়ার চার বছর বাদেও অপেক্ষাই সার। অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran) এখনও জাতীয় দলের ব্যাগি ব্লু টুপি মাথায় দেওয়ার সু্যোগ পেলেন না। কেন? প্রশ্নের জবাব এখনও অধরা। হাতড়ে বেড়াচ্ছেন অভিমন্যু নিজে, তাঁর বাবা রঙ্গনাথন ঈশ্বরনও।

যদিও এখনই হাল ছাড়ার কোনও কারণ দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। ঈশ্বরনের সম্ভাবনা নিয়ে কোনও সংশয় নেই তাঁর। পাশাপাশি বোর্ডের উদ্দেশে ভারতের প্রাক্তন অধিনায়কের প্রচ্ছন্ন বার্তা: অভিমন্যুকে ওয়ান ডাউনে খেলানোর এখনই উপযুক্ত সময়।

২০২১-২২ মরশুমে প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পান। তারপর থেকে নিয়মিত স্কোয়াডে থাকলেও এখনও প্রথম একাদশে নাম লেখানো হয়নি অভিমন্যুর। এই ক’বছরে ১৫ জন ক্রিকেটার টেস্টে অভিষেক করেছেন। শুধু তাঁর ক্ষেত্রেই অপেক্ষার পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।

সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও চেনা ছবি। সাই সুদর্শন ও করুণ নায়ার নম্বর তিনে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও টিম ম্যানেজমেন্ট অভিমন্যুর উপর আস্থা রাখেননি। না এজবাস্টন না হেডিংলে—কোথাও দলের হয়ে মাঠে নেমে নিজেকে প্রমাণের সুযোগটুকু পাননি।

এই প্রসঙ্গে কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘ওর বয়স এখনও কম। আমি বিশ্বাস করি অভিমন্যুর সুযোগ আসবে। নম্বর তিনের জায়গাটা একটু নড়বড়ে মনে হচ্ছে। হতে পারে, সেখানেই অভিমন্যুকে খেলতে বলা হবে।’ সেই সঙ্গে আরও যোগ করেন, ‘যশস্বী (জয়সওয়াল), কেএল রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা—সবাই রান পেয়েছে। কিন্তু নম্বর তিনের জায়গাটা এখনও ঠিক জমেনি!’

ছেলের বঞ্চনা নিয়ে দিনকয়েক আগে মুখ খোলেন অভিমন্যুর বাবা রঙ্গনাথন ঈশ্বরন। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গৌতম গম্ভীর ওকে বলেছে, ‘দেখো, তুমি ঠিক কাজটাই করছ। সুযোগ আসবে। আমি তোমাকে এক-দুই ম্যাচ খেলিয়েই সরিয়ে দেব না, লম্বা সময় দেব!’ কোচিং টিমও আশ্বাস দিয়েছে, প্রাপ্য সুযোগ মিলবে। আমার ছেলে চার বছর ধরে অপেক্ষা করছে। ২৩ বছরের পরিশ্রম দিয়েছে!’

এই মুহূর্তে দলীপ ট্রফিতে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিমন্যু। যদিও ইংল্যান্ড সফরের যন্ত্রণা ভুলতে নারাজ রঙ্গনাথন। তাঁর কথায়, ‘ওর ওয়ান ডাউনে খেলা উচিত ছিল। এতে কোনও সংশয় নেই। সাই সুদর্শনকে নিয়ে কোনও আপত্তি করছি না। কিন্তু ও কোথায় ফিট করেছে? (লিডস ও ম্যানচেস্টার টেস্টে সাই সুদর্শনের রান—০, ৩০, ৬১, ০)। সেই জায়গায় অভিমন্যুকে চেষ্টা করে দেখতে পারত। ও কেরিয়ারের প্রায় ৩০ শতাংশ ম্যাচ খেলেছে ইডেন গার্ডেন্সের সবুজ উইকেটে। সেখানে খেলার অভিজ্ঞতা আছে। আর রেকর্ড বলছে, অভিমন্যু এমন একজন ব্যাটসম্যান, যে ইনিংসকে দীর্ঘ সময় ধরে রাখতে পারে। রেকর্ডই সাক্ষী!’

অভিমন্যু ঈশ্বরন আজ পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৮৪১ রান করেছেন, গড় ৪৮.৭০। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সকেই জাতীয় দলে কাজে লাগানো উচিত বলেই মনে করছেন সৌরভ এবং বাংলার ক্রিকেট মহলের বড় অংশ। বিশেষ করে, যখন ওয়ান ডাউনের মতো গুরুত্বপূর্ণ পজিশনে স্থায়ী ব্যাটারের খোঁজে বিভিন্ন ক্রিকেটারকে কাজে লাগানোর ফর্মুলা নেওয়া হচ্ছে, তখন ঈশ্বরন কি একটি সু্যোগেরও যোগ্য নন—প্রশ্ন উঠছে!


```