নাটকের যবনিকা সুদূরপরাহত। পাকিস্তানের দাবি: পাইক্রফট নাকি ‘ক্ষমা’চেয়েছেন। কিন্তু আইসিসি বলছে, তিনি শুধু ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা চালিয়েছেন মাত্র। যে কারণে ধোঁয়াশা আর বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে।

গতকালের বৈঠক
শেষ আপডেট: 18 September 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: নাটক কম নয়! এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে হাত না মেলানো নিয়ে কার্যত দক্ষযজ্ঞ ঘটে গেল। বুধবার বয়কটের হুমকি থেকে সরে দাঁড়িয়ে শেষমেশ মাঠে নামল পাকিস্তান। কিন্তু তার আগে বসল গোপন বৈঠক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) সঙ্গে মুখোমুখি পাকিস্তান টিম। দরজার আড়ালে কী ঘটল, তা সরকারিভাবে জানানো না হলেও আলোচনার আদ্যোপান্ত ফাঁস করলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এক শীর্ষ কর্তা।
পর্দার আড়ালের কাহিনি:
১. ১৫ সেপ্টেম্বর আইসিসিকে একটি ইমেল পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) দাবি জানায়, ১৪ সেপ্টেম্বরের ভারত–পাক ম্যাচের টসে পাইক্রফট নাকি ‘স্পিরিট অফ ক্রিকেট’আর ‘আইসিসি কোড অফ কন্ডাক্ট’-বিরোধী আচরণ করেছেন। সেজন্য তাঁকে এশিয়া কাপ থেকে সরাতে হবে!
২. অভিযোগ হাতে পেয়েই তদন্ত শুরু করে আইসিসি। রিপোর্টে উঠে আসে—পাইক্রফট নীতিভঙ্গ করেননি। বরং, তিনি টুর্নামেন্ট আয়োজকদের দেওয়া নির্দেশই দুই অধিনায়ককে জানিয়েছিলেন মাত্র। যাতে টসের সময় কোনও বিভ্রান্তি বা অস্বস্তি তৈরি না হয়। সেই রিপোর্ট পাক বোর্ডকে জানানো হয়। তবুও পিসিবি অবস্থান বদলায়নি!
৩. আইসিসি পাক বোর্ডকে ফের অবগত করে—পাইক্রফটকে সরানোর মতো কোনও ভিত্তি নেই। একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফেও পাইক্রফটকে ‘রি-অ্যাসাইন’ করার অনুরোধ আসে। কিন্তু আইসিসি সেই পুনর্বহালের আর্জি খারিজ করে দেয়।
৪. পরে পাইক্রফটের উদ্যোগেই বৈঠক। পাক অধিনায়ক সলমন আঘা, দলের ম্যানেজার এবং বিতর্কিত রেফারি খোলাখুলি কথাবার্তা শুরু করেন। সেখানে পাইক্রফট জানান—যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার জন্য তিনি দুঃখিত। তবে নিজে থেকে কেবল ভেন্যু ম্যানেজারের বার্তাই পৌঁছে দিয়েছিলেন, এ ছাড়া আর কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
৫. ১৭ সেপ্টেম্বর ফের ইমেল পাঠায় পিসিবি। দাবি তোলে, এশিয়া কাপে ভারত–পাক ম্যাচে ‘কোড অফ কন্ডাক্ট’ লঙ্ঘিত হয়েছে। তাই আনুষ্ঠানিক তদন্ত চাই। আইসিসির উত্তর—যে কোনও তদন্ত চালাতে হলে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করা জরুরি। তাঁরা এখনও সেই তথ্যের অপেক্ষায়।
সব মিলিয়ে নাটকের যবনিকা সুদূরপরাহত। পাকিস্তানের দাবি: পাইক্রফট নাকি ‘ক্ষমা’চেয়েছেন। কিন্তু আইসিসি বলছে, তিনি শুধু ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা চালিয়েছেন মাত্র। যে কারণে ধোঁয়াশা আর বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। বাইশ গজে লড়াই যতটা না উত্তেজক, তার চেয়ে বেশি রোমাঞ্চ জমে উঠছে মঞ্চের আড়ালে!