সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচের আগে পাকিস্তান বাহিনীকে একাধিক সমস্যার সমাধান খুঁজতে হবে। ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে আগুনে ঘি পড়ায় রুদ্ধশ্বাস লড়াইয়ের আবহ আরও গাঢ় হচ্ছে।

সলমন আঘা
শেষ আপডেট: 18 September 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) হাত না মেলানো বিতর্ক, বয়কটের হুমকি—সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে বাইশ গজের চাইতে মাঠের বাইরে আরও বেশি করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। গ্রুপ স্তরে ভারতের হাতে ঠ্যাঙানি খেতে হয়েছে। যদিও আমিরশাহিকে (UAE) ৪১ রানে হারিয়ে সুপার ফোরে ওঠার পর পাক অধিনায়ক সলমন আঘা (Salman Agha) জানালেন, সূর্যকুমার ব্রিগেডের বিরুদ্ধে ফের একবার লড়াইয়ের জন্য দল তৈরি। যে কোনও চ্যালেঞ্জ নিতে তাঁরা প্রস্তুত।
আমিরশাহির ম্যাচ শেষে আঘার স্পষ্ট জবাব, ‘হ্যাঁ, আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। যেমনটা গত কয়েক মাস ধরে খেলে চলেছি। সেটাই যদি ধরে রাখতে পারি, তবে যে কোনও দলের বিরুদ্ধেই ভালো ফল আসবে!’
যদিও এর পাশাপাশি তিনি মেনে নিয়েছেন, মাঝের ওভারগুলোতে ব্যাটিং এখনও সমস্যা বাড়াচ্ছে। পাক অধিনায়কের মন্তব্য, ‘আমরা কাজ সেরে ফেললেও মিডল ওভারে রান তুলতে পারছি না। ওখানেই ঘাটতি। যদি ওই সময়ে ব্যাটিং ঠিকঠাক হয়, তবে ১৭০-১৮০ রানের টোটাল গড়া সম্ভব!’
উল্লেখযোগ্য, তিন ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ভয়ঙ্করভাবে ব্যর্থ। সাইম আয়ুব (Saim Ayub) শূন্য রানে টানা তিনবার আউট হয়েছেন। অধিনায়ক আঘা নিজেও ফর্মে নেই। আমিরশাহির বিরুদ্ধেও শেষ মুহূর্তে শাহিন আফ্রিদির (Shaheen Afridi) ১৪ বলে ২৯ রানের ঝড় না উঠলে স্কোরকার্ড ১৫০ ছুঁত না।
তাই সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচের আগে পাকিস্তান বাহিনীকে একাধিক সমস্যার সমাধান খুঁজতে হবে। ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে আগুনে ঘি পড়ায় রুদ্ধশ্বাস লড়াইয়ের আবহ আরও গাঢ় হচ্ছে।