এবার পিএসএল আট দল নিয়ে মাঠে নেমেছে। কিন্তু শুরুটাই দুঃস্বপ্নের! ফাঁকা গ্যালারি, সংকুচিত ভেন্যু আর এখন জার্সির মান নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে ‘পেট্রোল শর্টেজ লিগ’ ট্যাগটা সহজে যাওয়ার নয়।

হতবাক লাবুশেন
শেষ আপডেট: 27 March 2026 10:56
দ্য ওয়াল ব্যুরো: ছিল রুমাল। হল বেড়াল। বল ছিল সাদা। হল গোলাপি। ছিল 'পেট্রল শর্টেজ লিগ'। হল 'পয়সা শর্টেজ লিগ'।
না, সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল’র কোনও স্পিন অফ নয়! অবাক করা ঘটনার সাক্ষী পাকিস্তান সুপার লিগ। দর্শক নেই, উদ্বোধনী অনুষ্ঠান নেই, ছয় ভেন্যু কমে দুই—পিএসএল (PSL 2026) যখন এমনিতেই নানা সংকটে জর্জরিত, তখন গোদের উপর বিষফোঁড়ার মতো প্রথম ম্যাচে রংবিভ্রাট! লাহোর কালান্দারস বনাম হায়দরাবাদ কিংসমেনের খেলায় সাদা বল হঠাৎ হয়ে গেল গোলাপি। পরে জানা গেল হায়দরাবাদের জার্সির রং উঠে বলে লেগে যাচ্ছিল, তাই এই বর্ণবিকার! যা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং। কেউ বললেন ‘বিশ্বের প্রথম পিঙ্ক-বল টি-২০’, কেউ আবার ‘পেট্রোল শর্টেজ লিগ’ তকমাকে আরও একবার মনে করিয়ে দিলেন।
During today’s PSL match, the ball turned pink as early as the second over because players kept rubbing it on their pants, causing the dye to transfer onto the ball.
Paisa Shortage League for a reason 🤣 pic.twitter.com/QQf7wlc2qG— Tejash (@Tejashyyyyy) March 26, 2026
লাবুশেনের চোখ কপালে
হায়দরাবাদ কিংসমেনের অধিনায়ক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) মাঠেই বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। দ্বিতীয় ওভারের পর আম্পায়ারকে বললেন—‘বল এমন লাল হয়ে যাচ্ছে কেন?’ প্রথমে কেউই তেমন পাত্তা না দিলেও খানিক বাদে যখন ছোপের মাত্রা বাড়তে শুরু করল তখন নড়ল টনক! আসলে হায়দরাবাদের জার্সির গাঢ় মেরুন রং বলে লাগতে লাগতে বলটাকে প্রায় গোলাপি করে দেয়। খেলা চলাকালীন খেলোয়াড়রা জার্সিতে বল ঘষে শাইন বা ঔজ্জ্বল্য বজায় রাখেন—এটা নিয়মসিদ্ধ। কিন্তু তা বলে জার্সির রং লেপ্টে যাবে, এটা অভূতপূর্ব!
অজি তারকা লাবুশেন সব দেখেশুনে তাজ্জব। বললেন, ‘এমন ঘটনা আমি এর আগে কোনওদিন দেখিনি। ব্যাটের কিছু দাগছোপ বলে লাগতে দেখেছি, প্যাডের রং উঠতে দেখেছি। কিন্তু জার্সি থেকে রং উঠে বলে লাগছে—এটা প্রথম। নিশ্চয়ই পরের ম্যাচের আগে সব ঠিক করে নেবে!’
🚨🚨Marnus Labuschagne on the change of ball color
"I did say to the umpires after the second over, What’s going on? The ball is red, it must be from the clothes or something like that. I’ve never seen anything like pic.twitter.com/VHSXouHZYx— SheR•ALI (@Sher__Ali) March 26, 2026
কিন্তু ম্যাচ চলাকালীন কী ঘটল? কালান্দারসের ইনিংসের ১৫তম ওভারে বল বদলানো হল। তাতেও লজ্জা মুছল না। হায়দরাবাদ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বিজয়ীদের শুভেচ্ছা জানাল কটাক্ষ ছুড়ে—‘প্রথম পিঙ্ক-বল গেম জেতার অভিনন্দন!’
Congratulations to the opposition on winning their first pink-ball game. 🩷
— Hyderabad Kingsmen (@HHKingsmen) March 26, 2026
ম্যাচের লড়াই কতটা জমল?
বিতর্কের বাইরে খেলা একতরফা। লাহোর কালান্দারস (Lahore Qalandars) টসে জিতে ব্যাট করল। ওপেনে নেমে ফখর জামান ৩৯ বলে হাঁকালেন ৫৩ রান। হাসিবুল্লাহ খানের ৪০ ও সিকান্দার রাজার দ্রুতগতির ২৪ শেষে সংগ্রহ ১৯৯/৬। হায়দরাবাদের হয়ে হাসান খান ও রিলি মেরিডিথ দুটো করে উইকেট নিলেও জবাবে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট! ৬৯ রানের বিশাল পরাজয়। ফখর জামান ‘ম্যান অব দ্য ম্যাচ’।
উল্লেখ্য, এবার পিএসএল আট দল নিয়ে মাঠে নেমেছে। কিন্তু শুরুটাই দুঃস্বপ্নের! ফাঁকা গ্যালারি, সংকুচিত ভেন্যু আর এখন জার্সির মান নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে ‘পেট্রোল শর্টেজ লিগ’ ট্যাগটা সহজে যাওয়ার নয়।