অনেকের সওয়াল—আসল ‘ভিলেন’ জ্বালানি সঙ্কট? নাকি আঞ্চলিক সংঘাত? অর্থাৎ, তলে তলে গৃহযুদ্ধ পরিস্থিতি বিগড়ে দিয়েছে? কারণ যাই হোক না কেন, মোদ্দা বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে ইমেজের প্রশ্নে ধাক্কা খেয়েছে পিএসএল।

মহসিন নকভি
শেষ আপডেট: 23 March 2026 12:44
দ্য ওয়াল ব্যুরো: মাঠে লড়াই জমে ওঠার আগেই ছন্দপতন! জোর চাপে পাকিস্তান সুপার লিগ। নেপথ্যে জ্বালানি সঙ্কট। পাশাপাশি একের পর এক বিদেশি খেলেওয়াড়ের চলে যাওয়া। সব মিলিয়ে সিজনের প্রস্তুতিতেই ঘোর সংকটে পাকিস্তান সুপার লিগ (PSL 2026)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে সোশ্যাল মিডিয়াতেও ট্রোলের নিশানায় টুর্নামেন্ট। বলা হচ্ছে—‘পিএসএল’ মানে আসলে ‘পেট্রল শর্টেজ লিগ’!
জ্বালানি সঙ্কটে ফাঁকা গ্যালারি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা করেছে, এবারের পিএসএল দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভেন্যু স্রেফ লাহোর ও করাচি। ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও, পরিস্থিতি বদলে দিয়েছে পরিকল্পনা। মূল কারণ জ্বালানি সঙ্কট। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে একাধিক দেশে প্রভাব পড়েছে। পাকিস্তান সরকারও নাগরিকদের চলাচল কমাতে বলেছে। স্কুল বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম চালু, ছুটি বাড়ানো—এই আবহে ক্রিকেট আয়োজন।
The PSL is coming up and that is very exciting for many millions of cricket fans.
We have always wondered what PSL stands for and it turns out it means Petrol Shortage League.— Iceland Cricket (@icelandcricket) March 22, 2026
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) মন্তব্য, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) নিজেই রাস্তায় চলাফেরা কম করার পরামর্শ দিয়েছেন। আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিয়েছি—লিগ হবে, কিন্তু সীমিতভাবে।’অবস্থা এতটাই করুণ, যে উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত বাতিল!
‘পেট্রল শর্টেজ লিগ’: সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বয়ে যায় ব্যঙ্গবিদ্রুপের স্রোত। বিশেষ করে, আইসল্যান্ড ক্রিকেট (Iceland Cricket)। তাদের পোস্ট ইতোমধ্যে ভাইরাল। সেখানে লেখা, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম পিএসএল-এর পুরো নাম কী। এখন বুঝলাম—পেট্রল শর্টেজ লিগ!’
শুধু তাই নয়, অনেকের সওয়াল—আসল ‘ভিলেন’ জ্বালানি সঙ্কট? নাকি আঞ্চলিক সংঘাত? অর্থাৎ, তলে তলে গৃহযুদ্ধ পরিস্থিতি বিগড়ে দিয়েছে? কারণ যাই হোক না কেন, মোদ্দা বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে ইমেজের প্রশ্নে ধাক্কা খেয়েছে পিএসএল।
কড়া বার্তা নকভির
এরই মধ্যে আরেক বিপত্তি। বিদেশি ক্রিকেটাররা মাঝপথে দল ছাড়ছেন। লক্ষ্য—আইপিএল (IPL 2026)। সর্বশেষ শ্রীলঙ্কার দাসুন শনকা (Dasun Shanaka) লাহোর কালান্দার্স ছেড়ে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। এর আগে ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) কলকাতা নাইট রাইডার্সে সই করেন। অর্থাৎ, লিগ পাল্টানোর খেলা থামার নাম নেই। একই ঘটনা একাধিকবার ঘটেছে।
এই নিয়ে তড়িঘড়ি কড়া সিদ্ধান্ত নিয়েছেন নকভি। স্পষ্ট বার্তা, ‘যারা নিয়ম ভেঙে সরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগেও হয়েছে, এবারও হবে!’ গত বছর লিগ-ত্যাগী করবিন বশ-কে (Corbin Bosch) এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, এই একই কারণে। সে কথা মনে করিয়ে দিয়েও নকভি মানছেন, আইপিএলের সঙ্গে সময়ের সংঘাত বড় সমস্যা। তাঁর কথায়, ‘আমাদের আলাদা উইন্ডো নেই। তাই একই সময়ে লিগ হচ্ছে।’
নকভি যাই বলুন না কেন, শুরু হওয়ার আগেই বেদম চাপে পিএসএল। মাঠের লড়াই শুরু হওয়ার আগে বাইরের লড়াইটাই এখন বড় হয়ে উঠছে।