কাগজে-কলমে সবকিছু আগের মতোই—শুধু স্টেডিয়ামে থাকবে না দর্শক, জমবে না উদ্বোধনী অনুষ্ঠানের আলো-ঝলমলে রাত।

ছবি: গুগল
শেষ আপডেট: 22 March 2026 17:52
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধের আঁচ পড়ছে ক্রিকেটের ময়দানে। দুনিয়াজোড়া তেল সংকটে বাকিদের মতো জেরবার পাকিস্তানও। স্কুল বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম, ইদের ছুটি বাড়ানো হয়েছে, সাধারণ মানুষকে বলা হচ্ছে রাস্তায় না বেরোতে। এই পরিস্থিতিতে ৩০ হাজার দর্শক নিয়ে স্টেডিয়াম ভরানো কার্যত অসম্ভব। তাই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) ঘোষণা করলেন—পাকিস্তান সুপার লিগ (PSL 2026) চলবে, তবে দর্শকশূন্য স্টেডিয়ামে!
ছয় থেকে দুই শহরে
মূল পরিকল্পনা ছিল ছয়টি শহরে আয়োজিত হবে পিএসএল—মুলতান, পেশোয়ার, ফয়সালাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। পরিবর্তিত পরিস্থিতিতে ভেন্যু শুধু করাচি ও লাহোর। গদ্দাফি স্টেডিয়ামে ছিল ১৫টি ম্যাচ, রাওয়ালপিন্ডিতে ১১, ফয়সালাবাদে ৭, করাচিতে ৬, মুলতানে ৪। এই অঙ্ক পুরো বদলে গিয়েছে।
পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান বাতিল। ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হবে নির্ধারিত সময়েই, তবে ফাঁকা গ্যালারিতে। বিদেশি খেলোয়াড়রা খেলবেন, আন্তর্জাতিক সম্প্রচার চলবে। তাই টুর্নামেন্ট পুরোপুরি বাতিল করেননি নকভি।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় বঞ্চনার শিকার পেশোয়ার। এ বছর প্রথম পিএসএলের ম্যাচ পাওয়ার কথা ছিল এই শহরের—২৮ মার্চ। সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। যে কারণে নকভি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পেশোয়ারের ভক্তদের কাছে।
পিসিবি চেয়ারম্যানের ব্যাখ্যা
মহসিন নকভি বললেন, ‘প্রধানমন্ত্রী গোটা দেশকে চলাফেরা সীমিত রাখতে বলেছেন। আমরা স্কুল বন্ধ করেছি, ওয়ার্ক ফ্রম হোম চালু করেছি, ইদের ছুটি বাড়িয়েছি। এমন অবস্থায় রোজ ৩০ হাজার মানুষকে স্টেডিয়ামে ডাকা যায় না!’ পরে যোগ করলেন, ‘যুদ্ধ কতদিন চলবে জানি না। হয়তো ১০ দিন, হয়তো ১৫। সংকট কাটলে পরের পর্যায়ে দর্শক ফেরানো যেতে পারে!’ ফ্র্যাঞ্চাইজিগুলোকে গেট রেভিনিউয়ের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ ৩ মে লাহোরে—পরের দিন রিজার্ভ ডে। ছয়টি দল লিগ পর্বে ১০টি করে ম্যাচ খেলবে, শীর্ষ চার টিম প্লে-অফে উঠবে। কাগজে-কলমে সবকিছু আগের মতোই—শুধু স্টেডিয়ামে থাকবে না দর্শক, জমবে না উদ্বোধনী অনুষ্ঠানের আলো-ঝলমলে রাত।