সামরিক অভিযানের জেরে উত্তেজনা বেড়েছে। তার ছায়া পড়েছে ক্রিকেটেও। সব মিলিয়ে নতুন কাঠামো, রেকর্ড দাম এবং কূটনৈতিক টানাপোড়েন—১১তম পিএসএল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে।

স্টিভ স্মিথ
শেষ আপডেট: 12 February 2026 16:50
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) ইতিহাস গড়লেন স্টিভ স্মিথ (Steve Smith)। ১১তম মরসুমে সরাসরি চুক্তিতে তিনি পেয়েছেন ১৪ কোটি পাকিস্তানি রুপি, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। লিগের ইতিহাসে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক। নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ন্স (Sialkot Stallions) প্রায় ৫ লক্ষ মার্কিন ডলারে তাঁকে দলে নেয়। এবারই প্রথম ড্রাফট পদ্ধতি তুলে দিয়ে নিলাম ব্যবস্থা চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। দল বেড়ে হয়েছে আট। আগে ছিল ছয়। লাহোরে (Lahore) অনুষ্ঠিত নিলামে মোট ১০৩ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন।
বিদেশি তারকাদের ভিড়ও কম ছিল না। ডেভিড ওয়ার্নার (David Warner), অ্যাডাম জাম্পা (Adam Zampa), ড্যারিল মিচেল (Daryl Mitchell), মার্ক চ্যাপম্যান (Mark Chapman), মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), ডেভন কনওয়ে (Devon Conway), রাইলি রুশো (Rilee Rossouw), তাবরাইজ শামসি (Tabraiz Shamsi), দাসুন শানাকা (Dasun Shanaka), কুশল মেন্ডিস (Kusal Mendis) এবং মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)—একাধিক পরিচিত মুখ উঠেছে তালিকায়।
পাকিস্তানি তারকাদের দাম
দেশীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন নাসিম শাহ (Naseem Shah)। ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) তাঁকে নিয়েছে ৮.৬৫ কোটিতে। একই দলে যোগ দিয়েছেন ফাহিম আশরফ (Faheem Ashraf), মূল্য ৮.৫ কোটি। পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ৭ কোটিতে ধরে রেখেছে বাবর আজমকে (Babar Azam)। তবে সবচেয়ে ব্যয়বহুল ‘রিটেনশন’সাইম আয়ুবের (Saim Ayub)। তাঁকে ১২ কোটি ২০ লক্ষ-তে রেখে দিয়েছে ওই একই ফ্র্যাঞ্চাইজি।
এবারের পিএসএল শুরু হবে ২৬ মার্চ। চলবে ৩ মে পর্যন্ত। অর্থাৎ, আইপিএলের (Indian Premier League) সঙ্গে সময়সূচির সংঘর্ষ অনিবার্য। আসন্ন মরশুমে নতুন দু’টি দল যুক্ত হয়েছে—শিয়ালকোট ও হায়দরাবাদ (Hyderabad)। মুলতান সুলতানস (Multan Sultans) বিক্রি হয়ে পেয়েছে নতুন নাম রাওয়ালপিন্ডি (Rawalpindi)।
আফগান ইস্যুতে বিতর্ক
যদিও পুরোপুরি নিরুপদ্রব নয় নিলামের আসর। তৈরি হয়েছে নতুন বিতর্ক। আফগানিস্তানের (Afghanistan) একাধিক ক্রিকেটার প্রথমে নাম নথিভুক্ত করলেও পরে সরে দাঁড়ান। মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), সেদ্দিকুল্লাহ আতাল (Seddiqullah Atal), মহম্মদ নবি (Mohammad Nabi), ওয়াকার সালামখেইল (Waqar Salamkheil), ফজল হক ফারুকি (Fazal Haq Farooqi)—তালিকায় ছিলেন। পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে রহমানুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) দলে নেয়। তারপরই টানাপড়েন সামনে আসে। গুরবাজ নিজেই সরে দাঁড়ান। অন্য আফগান ক্রিকেটাররাও নাম তুলে নেন।
পিএসএলের সিইও সালমান নাসিরের (Salman Naseer) দাবি, ‘কিছু আফগান ক্রিকেটার নিলামে ছিলেন, কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁদের নেয়নি!’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, দুই দেশের সম্পর্কের অবনতি প্রভাব ফেলেছে নিলামে। গত বছরের শেষ দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তিক্ত। সামরিক অভিযানের জেরে উত্তেজনা বেড়েছে। তার ছায়া পড়েছে ক্রিকেটেও। সব মিলিয়ে নতুন কাঠামো, রেকর্ড দাম এবং কূটনৈতিক টানাপোড়েন—১১তম পিএসএল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে।