মজার ব্যাপার, ব্ল্যাকস্টোন ও কার্লাইল—দু’টি সংস্থাই রাজস্থান ও আরসিবি, দু’দলের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে। যা বুঝিয়ে দেয়, আইপিএল এখন শুধু ক্রিকেট লিগ নয়, গ্লোবাল ইনভেস্টমেন্ট ম্যাপের বড় খেলোয়াড়।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 29 January 2026 13:22
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে ট্রফিই আসল মাপকাঠি। কিন্তু আজকাল মাঠের ফলাফলের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে বাজারমূল্য। আর সেই বদলের কেন্দ্রবিন্দুতে এখন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জয়পুরের ফ্র্যাঞ্চাইজি খুব শিগগিরই আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ১ বিলিয়ন ডলার টার্গেটের গণ্ডি ছুঁতে চলেছে—ভারতীয় মুদ্রায় প্রায় ৯,২০০ কোটিরও বেশি!
মজার বিষয়, সাম্প্রতিক মরশুমে রাজস্থানের পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক নয়। তবু বিনিয়োগকারীদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। উলটে, বাজারে তাদের দাম বেড়েই চলেছে। সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের জন্য ইতিমধ্যেই চারটি বিড জমা পড়েছে। প্রতিটিই ১.১ থেকে ১.৩ বিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ, ২০০৮ সালে প্রথম আইপিএল জেতা দল এখন ব্যবসায়িক দিক থেকে লিগের নতুন বেঞ্চমার্ক ছুঁতে চলেছে।
তুলনার জন্য বলা যায়, এর আগে পর্যন্ত সবচেয়ে দামি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। যাদের আরপিএসজি গ্রুপ (RPSG Group) কিনেছিল প্রায় ৭ হাজার ৯০ কোটি টাকায়। রাজস্থানের বাজারদর তার থেকে অনেকটাই বেশি।
বর্তমানে রাজস্থানের মালিকানায় রয়েছে ইমার্জিং মিডিয়া ভেঞ্চার্স (Emerging Media Ventures), সঙ্গে অংশীদার রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (RedBird Capital Partners) এবং টাইগার গ্লোবাল (Tiger Global)। বিডারদের তালিকায় মার্কিন বিনিয়োগকারী কাল সোমানি (Kal Somani)—যাঁর ইতিমধ্যে ক্লাবে শেয়ার রয়েছে। পাশাপাশি দৌড়ে রয়েছে টাইমস ইন্টারনেট (Times Internet), ব্ল্যাকস্টোন (Blackstone Inc.) এবং কার্লাইল গ্রুপের (Carlyle Group Inc.) মতো হেভিওয়েট নাম।
ক্রিকেটের দিক থেকে রাজস্থানের যাত্রা খানিকটা এলমেল। ২০০৮ সালে ট্রফিজয়ের পর মাত্র একবার ফাইনাল—২০২২ সালে, গুজরাত টাইটানসের (Gujarat Titans) কাছে হেরে রানার্স-আপ। তারপর ধীরে ধীরে নামতে থাকে গ্রাফ। যে কারণে গত মরশুমের পর বড় রিসেটও করতে হয়েছে।
কিন্তু বিনিয়োগকারীদের কাছে এই ওঠানামা বড় ফ্যাক্টর নয়। তাঁদের চোখে আইপিএল মানে দীর্ঘমেয়াদি ব্র্যান্ড, সম্প্রচারস্বত্ব, ডিজিটাল রিচ, স্পনসরশিপ আর গ্লোবাল বাজার। সেই প্যাকেজে রাজস্থান রয়্যালস এখনও অত্যন্ত আকর্ষণীয়।
এই বিক্রির পুরো প্রক্রিয়াটি সামলাচ্ছে রেইন গ্রুপ (The Raine Group)। আগেও তারা চেলসি (Chelsea FC) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মতো ক্লাবের মালিকানা বদলের ডিল করিয়েছে। ফলে স্কেলের আন্দাজ পাওয়া যায়।
রাজস্থানের এই গল্প সামনে আসতে নজর ঘুরছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) দিকে। বর্তমান চ্যাম্পিয়ন দল, বিশাল সমর্থকভিত্তি, বছরের পর বছর ধরে শক্তিশালী ব্র্যান্ড—সব মিলিয়ে আরসিবির বাজারদর আরও বেশি হওয়ার প্রবল সম্ভাবনা। সূত্রের খবর, বর্তমান মালিক ডিয়াজিও (Diageo) বাজারে জল মাপতে শুরু করেছে। রাজস্থানের ‘সংখ্যা’ দেখে তারা উৎসাহিত। ধারণা করা হচ্ছে, আরসিবির বিড ২ বিলিয়ন ডলারের কাছাকাছি বা তারও বেশি হতে পারে।
মজার ব্যাপার, ব্ল্যাকস্টোন ও কার্লাইল—দু’টি সংস্থাই রাজস্থান ও আরসিবি, দু’দলের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে। যা বুঝিয়ে দেয়, আইপিএল এখন শুধু ক্রিকেট লিগ নয়, গ্লোবাল ইনভেস্টমেন্ট ম্যাপের বড় খেলোয়াড়।